দেশে প্রাইভেট টিউশন মহামারি আকার ধারণ করেছে: ববি হাজ্জাজ
- আপডেট সময় : ০৪:১৬:১২ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
- / 0

দেশে প্রাইভেট টিউশন মহামারি আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। অতিরিক্ত প্রাইভেটনির্ভরতার কারণে অনেক শিক্ষার্থী শ্রেণিকক্ষে প্রয়োজনীয় শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে বলে মনে করেন তিনি। তাই বিদ্যালয়েই শিক্ষার্থীদের মানসম্মত পাঠদান নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন প্রতিমন্ত্রী।
রোববার (৯ আগস্ট) সকালে রাজধানীর হোটেল শেরাটনে ইউনিসেফ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ববি হাজ্জাজ বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের শিক্ষা ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এ জন্য প্রাথমিক শিক্ষার ভিত্তি শক্তিশালী করার পাশাপাশি কর্মমুখী শিক্ষা ও শিক্ষার্থীদের সার্বিক বিকাশকে অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি বলেন, প্রাথমিক শিক্ষা শেষ করার পরও অনেক শিক্ষার্থী মৌলিক বিষয়গুলো যথাযথভাবে আয়ত্ত করতে পারছে না। এ পরিস্থিতি পরিবর্তনে শিক্ষাব্যবস্থাকে আরও কর্মমুখী করা প্রয়োজন।
এ লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধাপে ধাপে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী। এর মাধ্যমে শিক্ষার্থীদের গণিতভীতি দূর করার পাশাপাশি ব্যবহারিকভাবে শেখার সুযোগ তৈরি হবে বলে জানান তিনি।
একই সঙ্গে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে খেলাধুলাকে বাধ্যতামূলক করার পরিকল্পনার কথাও তুলে ধরেন ববি হাজ্জাজ। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলাকে শিক্ষার অবিচ্ছেদ্য অংশ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা বিদ্যালয়েই নিশ্চিত করতে হবে, যাতে অতিরিক্ত প্রাইভেট টিউশনের ওপর নির্ভরশীলতা কমে আসে এবং শিক্ষাব্যবস্থায় সমতা প্রতিষ্ঠিত হয়।























