তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্প শিগগিরই শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ০৪:১৭:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
- / 2

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে টেকনিক্যাল কমিটি কাজ শুরু করেছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের কাছ থেকেও এ বিষয়ে পরামর্শ নেওয়া হচ্ছে। অল্প সময়ের মধ্যেই মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু হবে।
শনিবার (৮ আগস্ট) দুপুরে কুড়িগ্রামের চিলমারী, উলিপুর, রৌমারী ও রাজীবপুর উপজেলার নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে চিলমারী বন্দর এলাকায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনা একটি বড় প্রকল্প। এটি একদিনে বাস্তবায়ন করা সম্ভব নয়। বর্তমান সরকারের বয়স মাত্র পাঁচ মাস উল্লেখ করে তিনি বলেন, সরকারকে কিছুটা সময় দিলে অল্প সময়ের মধ্যেই পাইলট প্রকল্পের কাজ শুরু করা হবে।
কুড়িগ্রামের নদীভাঙন পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, চিলমারী বন্দরসহ জেলার বিভিন্ন নদীভাঙনকবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। নদীভাঙন স্থায়ীভাবে রোধ ও বাঁধ নির্মাণে দুটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এসব প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, নদীভাঙনের কারণে কোনো মানুষের ঘরবাড়ি, হাট-বাজার, মসজিদ, মন্দির বা শিক্ষাপ্রতিষ্ঠান যেন নদীগর্ভে বিলীন না হয়, সে জন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। প্রকল্পগুলোর বাস্তবায়ন দ্রুত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে মাঠপর্যায়ে কাজ করা হচ্ছে।
নদীভাঙন রোধে দলীয় বিবেচনার সুযোগ নেই জানিয়ে ফরহাদ হোসেন আজাদ বলেন, ভাঙনকবলিত মানুষের পাশে সরকার রয়েছে। কুড়িগ্রামের প্রায় ১০০টি ভাঙনকবলিত এলাকায় জরুরি ভিত্তিতে কাজ চলছে। যেসব এলাকায় আরও কাজ প্রয়োজন, সেখানেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হবে।
পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।


























