রামগোপাল ভার্মা-ঊর্মিলা কি গোপনে বিয়ে করেছিলেন? প্রবীণ সাংবাদিকের বিস্ফোরক দাবি
- আপডেট সময় : ০৫:০৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / 1

বলিউডের নব্বইয়ের দশকের অন্যতম আলোচিত জুটি নির্মাতা রামগোপাল ভার্মা ও অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকরকে ঘিরে পুরোনো প্রেমের গুঞ্জন নতুন করে আলোচনায় এসেছে। এবার এক প্রবীণ বলিউড সাংবাদিক দাবি করেছেন, প্রেমের সম্পর্কের সময় তারা নাকি গোপনে বিয়েও করেছিলেন।
সম্প্রতি ইউটিউবার সিদ্ধার্থ কাননকে দেওয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ এ দাবি করেন। তার ভাষ্য অনুযায়ী, দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবী তাকে প্রথম এ তথ্য জানান। ‘জেন্টলম্যান’ সিনেমার শুটিং সেটে চিরঞ্জীবী নাকি প্রশ্ন করেছিলেন, একজন সাংবাদিক হয়েও কেন রামগোপাল ভার্মা ও ঊর্মিলার বিয়ের খবর তিনি প্রকাশ করেননি।
জ্যোতি ভেঙ্কটেশ জানান, বিষয়টি শুনে তিনি প্রমাণ চাইলে চিরঞ্জীবী দাবি করেন, অন্ধ্র প্রদেশের একটি মন্দিরে তাদের বিয়ে হয়েছিল। এমনকি যে পুরোহিত বিয়ে সম্পন্ন করেছিলেন, তার যোগাযোগ নম্বরও তিনি সাংবাদিককে দিয়েছিলেন।
তবে খবরটি প্রকাশের আগে সত্যতা যাচাই করতে ঊর্মিলা মাতন্ডকরের সঙ্গে যোগাযোগ করেন জ্যোতি। তার দাবি, বিষয়টি শুনেই ঊর্মিলা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং বলেন, এমন খবর কীভাবে প্রকাশ করা সম্ভব, কারণ ইন্ডাস্ট্রিতে আসার পর থেকেই সাংবাদিক তাকে ব্যক্তিগতভাবে চেনেন।
পরে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানতে রামগোপাল ভার্মার সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি বলে জানান ওই সাংবাদিক।
জ্যোতি ভেঙ্কটেশ আরও দাবি করেন, তাদের সম্পর্ক ভেঙে যাওয়ার মূল কারণ ছিল বিয়ে নিয়ে মতপার্থক্য। তার ভাষ্য অনুযায়ী, ঊর্মিলা আইনিভাবে বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু তখন রামগোপাল ভার্মা সেই সিদ্ধান্তে প্রস্তুত ছিলেন না। এ কারণেই শেষ পর্যন্ত তাদের বিচ্ছেদ ঘটে বলে তিনি দাবি করেন।
উল্লেখ্য, নব্বইয়ের দশক থেকে ২০০০ সালের শুরুর দিক পর্যন্ত রামগোপাল ভার্মা ও ঊর্মিলা মাতন্ডকর একসঙ্গে ‘রঙ্গিলা’, ‘দাউদ’, ‘সত্য’ এবং ‘প্যায়ার তুনে ক্যায়া কিয়া’সহ একাধিক জনপ্রিয় সিনেমায় কাজ করেন। সেই সময় থেকেই তাদের সম্পর্ক নিয়ে বলিউডে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে।
পরবর্তীতে নিজের আত্মজীবনী ‘Guns and Thighs: The Story of My Life’-এ ঊর্মিলার প্রতি নিজের মুগ্ধতার কথা স্বীকার করেন রামগোপাল ভার্মা। ‘Women in My Life’ শিরোনামের একটি অধ্যায়ে তিনি লেখেন, ঊর্মিলার ব্যক্তিত্ব ও সৌন্দর্যে মুগ্ধ হয়েই তাকে ‘রঙ্গিলা’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন।
তবে গোপন বিয়ের বিষয়ে এখন পর্যন্ত রামগোপাল ভার্মা বা ঊর্মিলা মাতন্ডকর কেউই আনুষ্ঠানিকভাবে এ দাবি নিশ্চিত করেননি। সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশের বক্তব্যের পর বিষয়টি আবারও বলিউডে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।
সূত্র: এনডিটিভি
























