‘৫ বছর ক্ষমতায় থাকতে দেব না’—এমন ভাষা শেখ হাসিনাও ব্যবহার করতেন: মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৫:৪৭:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / 0

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বিরোধীদলের কিছু নেতার বক্তব্যে অতীতের রাজনৈতিক ভাষার পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। তার দাবি, ‘৫ বছর ক্ষমতায় থাকতে দেব না’—এ ধরনের বক্তব্য অতীতে শেখ হাসিনাও ব্যবহার করেছিলেন।
সোমবার (৩ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ১৯৯১ সালে আওয়ামী লীগও বলেছিল সরকারকে এক মুহূর্তের জন্যও শান্তিতে থাকতে দেবে না। বর্তমানে বিরোধীদলের কিছু নেতার বক্তব্যেও একই ধরনের ভাষা ব্যবহার করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি জুলাই সনদের বাস্তবায়নের বিরোধী নয়। তবে গণভোট-সংক্রান্ত একটি প্রশ্ন ঐকমত্য কমিশনের পক্ষ থেকে চাপিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তার ভাষ্য, যে বিষয়গুলোতে বিএনপির আপত্তি রয়েছে, দলটি তা স্পষ্টভাবে জানিয়েছে। তবে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি অংশ বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।
রাজপথের রাজনীতি নিয়ে মির্জা ফখরুল বলেন, আন্দোলন করা বিরোধীদলের সাংবিধানিক অধিকার। তবে সেই আন্দোলন যেন সংঘাত বা অস্থিতিশীলতার দিকে না যায়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, সরকার জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। এ অবস্থায় শুধু নেতিবাচক প্রচারণা না চালিয়ে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সহযোগিতা করা প্রয়োজন। জাতীয় স্বার্থে সংঘাতের পরিবর্তে সহনশীলতা, সংলাপ ও রাজনৈতিক ঐক্যের সংস্কৃতি গড়ে তোলারও আহ্বান জানান তিনি।
গণমাধ্যমের স্বাধীনতার প্রসঙ্গ তুলে স্থানীয় সরকারমন্ত্রী দাবি করেন, বর্তমান সরকার সংবাদমাধ্যমের কাজে কোনো ধরনের হস্তক্ষেপ করছে না। পাশাপাশি বেকার সাংবাদিকদের কর্মসংস্থানের বিষয়টি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি।

























