বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও উপবৃত্তির অনলাইন আবেদন শুরু, চলবে ৩১ আগস্ট পর্যন্ত
- আপডেট সময় : ০৪:২৪:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / 0

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু করেছে সমাজসেবা অধিদপ্তর। ১ আগস্ট থেকে শুরু হওয়া এ আবেদন কার্যক্রম চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।
সম্প্রতি সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখা থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে দেশের আটটি বিভাগের সমাজসেবা কার্যালয়ের পরিচালকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এবার অনলাইনে আবেদন করা যাবে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা নারী ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি এবং হিজড়া, বেদে, চা-শ্রমিকসহ বিশেষ জনগোষ্ঠীর জন্য ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য।
সমাজসেবা অধিদপ্তর জানিয়েছে, প্রতিবন্ধী ভাতা বা শিক্ষা উপবৃত্তির জন্য আবেদনকারীর অবশ্যই সমাজসেবা অধিদপ্তর থেকে ইস্যুকৃত সুবর্ণ নাগরিক কার্ড থাকতে হবে। এছাড়া আবেদন করতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে নিবন্ধিত সচল মোবাইল নম্বর অথবা নিজস্ব ব্যাংক বা মোবাইল ব্যাংকিং হিসাবের তথ্য প্রদান করতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, অন্য কোনো সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নিয়মিত ভাতা বা সুবিধা গ্রহণকারীরা নতুন করে এ কর্মসূচির জন্য আবেদন করতে পারবেন না। এছাড়া যারা আগে থেকেই অনলাইনে আবেদন করে অপেক্ষমাণ তালিকায় রয়েছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
আগ্রহীরা নির্ধারিত সময়ের মধ্যে সমাজসেবা অধিদপ্তরের অনলাইন আবেদন পোর্টালে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদন অবশ্যই আবেদনকারীর স্থায়ী ঠিকানার ভিত্তিতে সম্পন্ন করতে হবে।
সমাজসেবা অধিদপ্তর জানায়, নতুন আবেদন এবং অপেক্ষমাণ তালিকায় থাকা আবেদনগুলো যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও বরাদ্দের ভিত্তিতে চূড়ান্ত উপকারভোগী নির্বাচন করা হবে। নির্বাচিত ব্যক্তিরা চলতি বছরের ১ জুলাই থেকে ভাতা ও শিক্ষা উপবৃত্তির সুবিধা পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবেন।
আবেদন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিভাগীয় পরিচালক, জেলা ও উপজেলা সমাজসেবা কার্যালয়, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আবেদন বা যাচাই-বাছাইয়ের সময় কোনো কারিগরি সমস্যা দেখা দিলে সমাজসেবা অধিদপ্তরের টেকনিক্যাল টিমের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
























