মিরপুরে দেওয়ালধসে আহতদের দেখতে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসার সব ব্যয় বহনের আশ্বাস
- আপডেট সময় : ০২:৪৫:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
- / 1

রাজধানীর মিরপুরে দেওয়ালধসের ঘটনায় আহতদের দেখতে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় তিনি আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে বলে আশ্বাস দেন।
মঙ্গলবার (২৮ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে নিটোরে গিয়ে আহতদের খোঁজখবর নেন স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শনকালে তিনি আহতদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশনা দেন।
সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেওয়ালধসের ঘটনায় আহতদের চিকিৎসার যাবতীয় ব্যয় সরকার বহন করবে। চিকিৎসায় কোনো ধরনের অবহেলা বা ঘাটতি যেন না থাকে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, হাসপাতালে চিকিৎসা নিতে রোগীদের কোনো ধরনের খরচ বহন করতে হবে না। প্রয়োজনে বাইরে থেকে ওষুধ বা চিকিৎসাসামগ্রী সংগ্রহ করতে হলেও তার ব্যয়ের হিসাব সংরক্ষণ করা হবে এবং সরকার সেই অর্থ পরিশোধ করবে। ইতোমধ্যে আহতদের প্রাথমিক সহায়তা হিসেবে নগদ অর্থও দেওয়া হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে রাজধানীর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের একটি দেয়াল ধসে পড়ে। এ দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। এছাড়া ছয়জন আহত হন। আহতদের মধ্যে পাঁচজন নিটোরে এবং একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, বর্তমানে আহতরা শঙ্কামুক্ত।
পরিদর্শনকালে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌস আরা মিষ্টি এবং নিটোরের পরিচালক অধ্যাপক ডা. আবুল কেনানসহ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




















