কৃষিভিত্তিক উদ্যোক্তা হতে নবীন শিক্ষার্থীদের প্রতি মন্ত্রীর আহ্বান
- আপডেট সময় : ০৯:৫৪:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
- / 5

সরকারি চাকরির ওপর নির্ভরশীল না হয়ে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস এবং প্রযুক্তিনির্ভর কৃষি উদ্যোগ গড়ে তুলে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, কৃষিখাতের বিপুল সম্ভাবনাকে কাজে লাগিয়ে তরুণরা কর্মসংস্থান সৃষ্টি করার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
রোববার (২৬ জুলাই) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, কৃষি বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ মানেই কেবল সরকারি চাকরির পেছনে ছোটা নয়। কৃষির সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসা, শিল্প ও আধুনিক প্রযুক্তিভিত্তিক উদ্যোগ গ্রহণের মাধ্যমে নিজেদের জন্য কর্মসংস্থান তৈরি করার পাশাপাশি অন্যদেরও কাজের সুযোগ সৃষ্টি করা সম্ভব।
তিনি আরও বলেন, বর্তমানে শিক্ষিত তরুণদের কর্মসংস্থান একটি বড় চ্যালেঞ্জ। তাই শুধু একাডেমিক ডিগ্রি অর্জন করলেই হবে না; দক্ষতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাশক্তিকে কাজে লাগিয়ে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করতে হবে। একই সঙ্গে দেশের কৃষিকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও উৎপাদনশীল খাতে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, নতুন প্রযুক্তি দ্রুত কৃষকের কাছে পৌঁছে দিতে হবে এবং কৃষির উন্নয়নে শিক্ষার্থী, শিক্ষক, গবেষক ও মাঠপর্যায়ের কৃষকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং গবেষণার ক্ষেত্রে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, নবীন শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আব্দুল লতিফের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।



















