নতুন বাংলাদেশ গড়তে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে: ডেপুটি স্পিকার কায়সার কামাল
- আপডেট সময় : ০৭:৪৮:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
- / 23

বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে এবং নতুন বাংলাদেশ গঠনে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, কেউ ভুলের ঊর্ধ্বে নন। তাই সরকারের উন্নয়নমূলক কার্যক্রমে সহযোগিতার পাশাপাশি ভুল-ত্রুটিও বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে।
বুধবার (২২ জুলাই) সকালে নেত্রকোনার দুর্গাপুরে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত সাংবাদিকদের তিন দিনব্যাপী ‘এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সাংবাদিকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। তবে কিছু অপেশাদার কর্মকাণ্ডের কারণে এ পেশার ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আমার কাজেও ভুল থাকতে পারে। আপনারা সেই ভুলগুলোও তুলে ধরুন। এতে আমি নিজেকে সংশোধনের সুযোগ পাব। তবে সাংবাদিকতাকে পুঁজি করে কেউ যেন অপসাংবাদিকতায় জড়িয়ে না পড়েন। আপনারাই জাতির বিবেক। আসুন, সবাই মিলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই।’
অনুষ্ঠানে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, বর্তমান সময়ে তথ্যের প্রবাহ যেমন বেড়েছে, তেমনি ভুয়া তথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকিও বহুগুণ বৃদ্ধি পেয়েছে। তাই একজন সাংবাদিকের দায়িত্ব শুধু তথ্য সংগ্রহ নয়, বরং তথ্যের সত্যতা যাচাই করে তা প্রকাশ করা।
তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সাংবাদিকতার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করলেও এর ব্যবহার হতে হবে নৈতিকতা ও দায়িত্ববোধের সঙ্গে। ফ্যাক্ট-চেকিং দক্ষতা অর্জনের মাধ্যমে সাংবাদিকরা আরও নির্ভুল ও বিশ্বাসযোগ্য সংবাদ পরিবেশন করতে পারবেন।
ফারুক ওয়াসিফ জানান, এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো সাংবাদিকদের ডিজিটাল প্রযুক্তি, তথ্য যাচাই, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মাল্টিমিডিয়া সাংবাদিকতার কার্যকর ও নৈতিক ব্যবহার সম্পর্কে দক্ষ করে তোলা। পাশাপাশি এআই ব্যবহারের সুযোগ, সীমাবদ্ধতা, চ্যালেঞ্জ এবং তা মোকাবিলার কৌশল সম্পর্কেও অংশগ্রহণকারীদের জ্ঞান সমৃদ্ধ করা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, পুলিশ সুপার তরিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক অঞ্জন কুমার চিছাম এবং প্রশিক্ষক আলী আকবর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন।
সাংবাদিকদের এআই ব্যবহারে দক্ষতা বৃদ্ধি এবং ভুয়া তথ্য শনাক্তে সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে আয়োজিত এ প্রশিক্ষণে দুর্গাপুর উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩৫ জন সাংবাদিক অংশ নিয়েছেন। আগামী ২৪ জুলাই অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণের মাধ্যমে প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি হবে।


























