আসাদুজ্জামান খানকে ফেরত চেয়ে ভারতকে নতুন চিঠি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ০৭:১২:১২ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
- / 21

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারকে সম্প্রতি নতুন করে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
সোমবার (২০ জুলাই) রাজধানীর রমনায় বিস মিলনায়তনে এক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারতে অবস্থানরত পলাতক আসামিদের ফিরিয়ে আনতে পৃথক পৃথকভাবে চিঠি পাঠানো হয়েছে। এর অংশ হিসেবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে প্রত্যর্পণের জন্যও ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ ইসলাম বলেন, ২০২৫ সালের ২৬ নভেম্বর বাংলাদেশ সরকার শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে প্রত্যর্পণের আওতায় আনতে ভারতকে একটি চিঠি দিয়েছিল। সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উদ্যোগে আবারও আসাদুজ্জামান খানকে ফেরত চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নতুন চিঠি পাঠানো হয়েছে।
তিনি বলেন, আসাদুজ্জামান খানের বিরুদ্ধে বাংলাদেশের আইনে বিচার কার্যক্রম চলছে। তিনি পলাতক আসামি হওয়ায় তাকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় কূটনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই এই চিঠি পাঠানো হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, প্রত্যর্পণ চুক্তি (এক্সট্রাডিশন ট্রিটি), কূটনৈতিক নীতিমালা এবং আন্তর্জাতিক প্রটোকল অনুসরণ করেই আসাদুজ্জামান খানকে দেশে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন করার চেষ্টা চলছে। একইভাবে শেখ হাসিনাসহ বিদেশে অবস্থানরত অন্যান্য পলাতক আসামিদের ক্ষেত্রেও প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক উদ্যোগ অব্যাহত থাকবে।
চিঠিটি কবে পাঠানো হয়েছে—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, সম্প্রতি এটি পাঠানো হয়েছে এবং এটি শুধু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে উদ্দেশ্য করেই দেওয়া হয়েছে।
তিনি বলেন, আইন মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজন অনুযায়ী সমন্বিতভাবে কাজ করছে। কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করাই সরকারের লক্ষ্য।























