শাপলা চত্বরের ঘটনায় নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত, খসড়া তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে
- আপডেট সময় : ০৪:৫৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
- / 31

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত ঘটনার তদন্তে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি জানান, তদন্ত সংস্থা এ বিষয়ে একটি খসড়া প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দিয়েছে, যা বর্তমানে যাচাই-বাছাইয়ের প্রক্রিয়ায় রয়েছে।
রোববার (১৯ জুলাই) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব তথ্য জানান।
চিফ প্রসিকিউটর বলেন, শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা দীর্ঘদিন তদন্ত চালিয়েছে। তদন্ত শেষে একটি খসড়া প্রতিবেদন দাখিল করা হয়েছে। এখন প্রতিবেদনটি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হবে, যাতে একটি নির্ভুল তদন্তের ভিত্তিতে স্বচ্ছ বিচার নিশ্চিত করা যায় এবং প্রকৃত দায়ীদের বিচারের আওতায় আনা সম্ভব হয়।
তিনি জানান, হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের উপস্থিতিতে খসড়া তদন্ত প্রতিবেদনটি পর্যালোচনা করা হয়েছে। শিগগিরই পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন হাতে পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মামলায় সম্ভাব্য আসামিদের বিষয়ে এক প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম বলেন, খসড়া প্রতিবেদনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক পুলিশ প্রধান, সাবেক বিজিবি প্রধানসহ কয়েকজনের নাম এসেছে। তবে যাচাই-বাছাই শেষে আসামির তালিকায় সংযোজন বা বিয়োজন হতে পারে।
নিহতদের বিষয়ে তিনি আরও জানান, তদন্তে এ পর্যন্ত ৬১ জনের একটি তালিকা পাওয়া গেলেও এর মধ্যে ৫৮ জনের পরিচয় ইতোমধ্যে শনাক্ত করা সম্ভব হয়েছে।
সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির আব্দুল হামিদ, মাওলানা মামুনুল হক, মুফতি হারুন ইজহার, মুফতি মীর ইদ্রিসসহ সংগঠনটির একাধিক শীর্ষ নেতা উপস্থিত ছিলেন।





















