ভাইরাল শিক্ষার্থী সূহি মাইলস্টোনের নন, থানায় জিডি করল কলেজ কর্তৃপক্ষ
- আপডেট সময় : ০৬:৩৯:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- / 23

চলমান এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে আন্দোলনের সময় ‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া রুবাইয়া মেহজাবিন সূহি (ইবান) বর্তমানে মাইলস্টোন কলেজের ছাত্রী নন বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এ ঘটনায় বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকার তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে প্রতিষ্ঠানটি।
মাইলস্টোন কলেজের নিরাপত্তা কর্মকর্তা মুহাম্মদ জহুরুল ইসলাম বাদী হয়ে দায়ের করা জিডির নম্বর ৯০৫। জিডিতে উল্লেখ করা হয়, সূহি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ইংরেজি মাধ্যমের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। তবে শৃঙ্খলাজনিত কারণে ঢাকা শিক্ষা বোর্ডের অনুমতি নিয়ে তাকে আগেই ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়া হয়েছে। ফলে বর্তমানে তার সঙ্গে মাইলস্টোন কলেজের কোনো প্রাতিষ্ঠানিক সম্পর্ক নেই এবং কলেজের পরিচয় ব্যবহারেরও আইনগত অধিকার নেই।
জিডিতে আরও বলা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সূহিকে মাইলস্টোন কলেজের আইডি কার্ড ব্যবহার করে চলমান এইচএসসি পরীক্ষা ও প্রশ্নপত্র সংক্রান্ত আন্দোলনে সরকারবিরোধী এবং উসকানিমূলক বক্তব্য দিতে দেখা যায়। কলেজের দাবি, তিনি শিক্ষার্থী না হওয়া সত্ত্বেও প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এবং কলেজের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষের নির্দেশে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে তুরাগ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দায়িত্ব সাব-ইন্সপেক্টর মো. আরিফুল ইসলাম রানাকে দেওয়া হয়েছে।




















