ইরানের একাধিক সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বিমান হামলার দাবি, সেন্টকম বলছে অভিযান সফল
- আপডেট সময় : ০৪:০৪:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
- / 30

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় পরিচালিত সর্বশেষ বিমান হামলার অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, সোমবার (উত্তর আমেরিকার পূর্বাঞ্চলীয় সময়) রাত ১০টা ১৫ মিনিটে পাঁচ ঘণ্টাব্যাপী এ সামরিক অভিযান শেষ হয়।
সেন্টকম জানায়, অভিযানে ইরানের বুশেহর, চাহ বাহার, জাস্ক, কোনারক, আবু মুসা ও বন্দর আব্বাসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের দাবি, বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর ইরানের সক্ষমতা আরও দুর্বল করে দেওয়াই ছিল এই অভিযানের মূল উদ্দেশ্য। সে লক্ষ্যেই দেশটির উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি এবং নৌবাহিনীর সক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে নির্ভুল হামলা চালানো হয়েছে।
সেন্টকমের ভাষ্য অনুযায়ী, অভিযানে অত্যাধুনিক ও সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম যুদ্ধাস্ত্র ব্যবহার করা হয়েছে, যাতে নির্ধারিত সামরিক স্থাপনাগুলোতে কার্যকর আঘাত হানা সম্ভব হয়।
এদিকে সেন্ট্রাল কমান্ড আরও জানিয়েছে, মধ্যপ্রাচ্যজুড়ে বর্তমানে ৫০ হাজারের বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে। পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় মার্কিন বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
তবে এ প্রতিবেদন প্রকাশ পর্যন্ত যুক্তরাষ্ট্রের এই দাবির বিষয়ে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


























