বন্যাদুর্গত ১১ জেলায় মাঠে বিজিবি, উদ্ধার-ত্রাণ-চিকিৎসায় চলছে জোর তৎপরতা
- আপডেট সময় : ০৯:৪০:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
- / 11

টানা কয়েকদিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, পাহাড়ি ঢল, বন্যা ও ভূমিধসের কারণে দেশের বিভিন্ন এলাকায় সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় ১১ জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। উদ্ধার অভিযান পরিচালনার পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ, জরুরি চিকিৎসাসেবা, নিরাপদ আশ্রয়ে স্থানান্তর এবং ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারের কাজও করছে বাহিনীটি।
রোববার (১২ জুলাই) বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা ও জামালপুর—এই ১১ জেলায় দুর্যোগ মোকাবিলায় বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করছেন। ক্ষতিগ্রস্ত এলাকায় ঝুঁকিপূর্ণ অবকাঠামো সুরক্ষা, উদ্ধার তৎপরতা, ত্রাণ বিতরণ এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে তারা মাঠপর্যায়ে সক্রিয় রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বন্যা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য ১১ জেলার মোট ৯০টি পয়েন্টে সার্বক্ষণিক মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে বিজিবি। পরিস্থিতি অনুযায়ী তাৎক্ষণিক উদ্ধার কার্যক্রম এবং মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে ক্ষতিগ্রস্তদের কাছে।
এদিকে, বান্দরবানের বন্যাকবলিত বিভিন্ন এলাকা থেকে ইতোমধ্যে ১১৬ জন পর্যটকসহ ১২২টি পরিবারের ৬ শতাধিক মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। পাশাপাশি উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ এবং ৪৮ জনকে জরুরি চিকিৎসাসেবা প্রদান করেছে বিজিবি।
এ ছাড়া বান্দরবান-রোয়াংছড়ি সড়কে পড়ে থাকা গাছ ও ধ্বংসাবশেষ অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করতে কার্যকর ভূমিকা পালন করেছে বাহিনীটি। একই সঙ্গে নাইক্ষ্যংছড়িতে ভূমিক্ষয়ের কারণে ঝুঁকির মুখে পড়া একটি স্টিলের সেতু রক্ষায় জরুরি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে বিজিবি।




















