জিরাফ কি হিসাব করতে পারে? নতুন গবেষণায় মিলল বুদ্ধিমত্তার চমকপ্রদ প্রমাণ
- আপডেট সময় : ০৫:১৮:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
- / 14

জিরাফকে পৃথিবীর সবচেয়ে লম্বা প্রাণী হিসেবে সবাই চেনেন। তবে এবার তাদের বুদ্ধিমত্তা নিয়েও উঠে এসেছে নতুন তথ্য। স্পেনের বার্সেলোনায় পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, জিরাফ কোনো বস্তুর পরিমাণ অনুমান করতে পারে এবং সাধারণ হিসাব-নিকাশের পরিবর্তনও বুঝতে সক্ষম। গবেষকদের মতে, এই ক্ষমতা তাদের সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বার্সেলোনা বিশ্ববিদ্যালয়, লাইপজিগ বিশ্ববিদ্যালয় এবং ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর ইভোল্যুশনারি অ্যানথ্রোপোলজির যৌথ উদ্যোগে পরিচালিত গবেষণার ফলাফল বৈজ্ঞানিক সাময়িকী Scientific Reports-এ প্রকাশিত হয়েছে।
গবেষণায় বার্সেলোনা চিড়িয়াখানার চারটি জিরাফকে নিয়ে পরীক্ষা চালানো হয়। তাদের সামনে গাজরের টুকরো ভর্তি দুটি পাত্র রাখা হয়। পরে পাত্র দুটি ঢেকে গবেষকরা বাইরে থেকে একটিতে অতিরিক্ত গাজরের টুকরো যোগ করেন। এরপর জিরাফগুলোর সামনে দুটি পাত্রই উপস্থাপন করা হয়।
ফলাফলে দেখা যায়, গাজরের পরিমাণ বাড়ানোর পর জিরাফগুলো ৬৮ শতাংশ ক্ষেত্রে বেশি গাজর থাকা পাত্রটিই বেছে নিয়েছে, যা কেবল অনুমাননির্ভর সিদ্ধান্তের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
জিরাফগুলো মানুষের শারীরিক ইঙ্গিত দেখে সিদ্ধান্ত নিচ্ছে নাকি নিজেরাই পরিমাণের পার্থক্য বুঝতে পারছে, তা যাচাই করতে গবেষকরা আরও কয়েকটি পরীক্ষা পরিচালনা করেন। এতে দেখা যায়, দুটি জিরাফ কিছুটা মানুষের ইঙ্গিত দ্বারা প্রভাবিত হলেও বাকি দুটি কোনো ধরনের বাহ্যিক সংকেত ছাড়াই ধারাবাহিকভাবে বেশি গাজর থাকা পাত্রটি নির্বাচন করেছে।
তবে পরীক্ষার আরেক ধাপে পাত্র থেকে কিছু গাজর সরিয়ে নেওয়ার পর জিরাফগুলোর সঠিক পাত্র নির্বাচন করার হার উল্লেখযোগ্যভাবে কমে যায়। গবেষকদের মতে, এটি প্রমাণ করে যে পরিমাণ বৃদ্ধি শনাক্ত করার ক্ষেত্রে জিরাফ তুলনামূলকভাবে বেশি দক্ষ।
বিশেষজ্ঞরা বলছেন, জিরাফ মানুষের মতো জটিল গাণিতিক হিসাব করতে পারে না। তবে তাদের মধ্যে সংখ্যা ও পরিমাণ সম্পর্কে মৌলিক ধারণা রয়েছে, যা খাদ্য নির্বাচনসহ বিভিন্ন পরিস্থিতিতে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে।
গবেষকদের মতে, এই আবিষ্কার জিরাফের জ্ঞানীয় সক্ষমতা সম্পর্কে নতুন ধারণা দেবে এবং প্রাণীদের বুদ্ধিমত্তা নিয়ে ভবিষ্যৎ গবেষণার ক্ষেত্র আরও বিস্তৃত করবে।
সূত্র: সামা টিভি

























