রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০৬, উদ্ধার মাদক ও দেশীয় অস্ত্র
- আপডেট সময় : ০৪:৪৬:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
- / 17

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ৪০৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৫০টি মামলা দায়েরের পাশাপাশি মাদক, দেশীয় অস্ত্র ও অন্যান্য আলামত উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে রমনা বিভাগ থেকে ৩৫ জন, লালবাগ বিভাগ থেকে ৩৬ জন, ওয়ারী বিভাগ থেকে ৩১ জন, মতিঝিল বিভাগ থেকে ৪৫ জন, তেজগাঁও বিভাগ থেকে ৫৯ জন, মিরপুর বিভাগ থেকে ১২০ জন, গুলশান বিভাগ থেকে ৩২ জন, উত্তরা বিভাগ থেকে ৪৩ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানকালে গ্রেফতার হওয়া ব্যক্তিদের কাছ থেকে ১ কেজি ২১৫ গ্রাম গাঁজা, ২ হাজার ২৯০ পিস ইয়াবা, দরজা ও জানালায় ব্যবহৃত পুরাতন অ্যালুমিনিয়াম ফ্রেমের ছোট-বড় ১৫টি টুকরা, একটি চাকু, একটি অ্যান্টিকাটার, পাঁচটি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল এবং নগদ ৮ হাজার ৩৫০ টাকা উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।



























