সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি: তথ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৪:০১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / 14

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে নিরাপত্তার প্রচলিত ধারণা বদলে গেছে। এখন কোনো প্রতিষ্ঠানের সিন্দুক পাহারা দেওয়ার চেয়ে কম্পিউটারকে হ্যাকারদের আক্রমণ থেকে সুরক্ষিত রাখা এবং দীর্ঘ সীমান্ত পাহারার চেয়ে সাইবার নিরাপত্তা নিশ্চিত করাই বেশি গুরুত্বপূর্ণ।
বুধবার রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে ‘প্রান্তিক কণ্ঠস্বর’ নামে বাহিনীর নতুন মিডিয়া সেলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘সময়ের স্পন্দনে, আকাঙ্ক্ষা পূরণে’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এএম সাজ্জাদ মাহমুদ।
জহির উদ্দিন স্বপন বলেন, আধুনিক সময়ে যুদ্ধ শুধু অস্ত্রের লড়াই নয় এবং যোগাযোগও শুধু মানুষের কণ্ঠস্বর বিনিময়ের মধ্যে সীমাবদ্ধ নেই। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা দেখিয়েছে, ডিজিটাল কারসাজির মাধ্যমে কীভাবে একটি দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে।
তিনি বলেন, আনসার বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্যকে প্রচলিত দায়িত্বের বাইরে সময়োপযোগী ও আধুনিক চিন্তার মাধ্যমে দেশের উন্নয়নে সম্পৃক্ত করার উদ্যোগ প্রশংসনীয়। সরকারের তথ্য ব্যবস্থাপনার পরিকল্পনায় আনসার বাহিনীর তৈরি ‘প্রান্তিক কণ্ঠস্বর’ ডিজিটাল প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
তথ্যমন্ত্রী আরও বলেন, প্রযুক্তির পরিবর্তন অত্যন্ত গতিশীল। তাই জ্ঞান, দক্ষতা ও চিন্তাধারাকেও প্রতিনিয়ত হালনাগাদ করতে হবে। অন্যথায় আজ যে আধুনিক, আগামীকালই তিনি পিছিয়ে পড়তে পারেন।
তিনি ‘প্রান্তিক কণ্ঠস্বর’ প্ল্যাটফর্মকে অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের জন্যও একটি অনুসরণযোগ্য উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানে সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বক্তব্য দেন। এছাড়া আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।























