পূর্বাচলে হবে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র ও ৪১ পুলিশ বক্স: আইজিপি
- আপডেট সময় : ০৩:৪৪:১০ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / 18

পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় আইনশৃঙ্খলা জোরদারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতায় ৪টি থানা, ৬টি তদন্ত কেন্দ্র, ২টি পুলিশ লাইনস, ৩টি ডিসি অফিস এবং ৪১টি পুলিশ বক্স স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
বুধবার (১ জুলাই) সকালে পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
আইজিপি বলেন, পূর্বাচলে পুলিশের জন্য মোট ২৯ দশমিক ২১ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ১৮ দশমিক ৬৩ একর জমির রেজিস্ট্রেশন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং অবকাঠামো নির্মাণের কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে চলছে।
তিনি আরও জানান, ভবিষ্যতে পূর্বাচলকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতায় এনে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে পৃথক একটি বিভাগ গঠন করা হবে। এ পরিকল্পনার অংশ হিসেবে প্রায় ৬ হাজার ৫২৪ জন নতুন জনবল সৃষ্টিরও উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




















