বিরোধী এমপিদের আসনে মসজিদ-গোরস্থানের জন্য ২০ কোটি টাকার বরাদ্দ
- আপডেট সময় : ০৫:৪০:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
- / 14

বিরোধীদলীয় সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় মসজিদ, গোরস্থান ও ঈদগাহের উন্নয়নে প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, এই বরাদ্দ বর্তমানে সিটি করপোরেশন এলাকার বাইরে থাকা বিরোধীদলীয় সংসদ সদস্যদের আসনের জন্য নির্ধারণ করা হয়েছে। তবে ভবিষ্যতে সিটি করপোরেশনভুক্ত বিরোধী দলের আসনগুলোতেও একই ধরনের বরাদ্দ দেওয়া হবে।
এ সময় বিরোধীদলীয় সংসদ সদস্য সাইফুল আলম মিলন বিষয়টি নিয়ে বক্তব্য রাখতে চাইলে স্পিকার তাকে কথা বলার সুযোগ দেননি। পরে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, জেলা পরিষদের মাধ্যমে পরবর্তী সময়ে সিটি করপোরেশন এলাকাগুলোর জন্যও প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হবে।
এ প্রসঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নিজের সংসদীয় অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, চার দশকের সংসদীয় জীবনে বিরোধী দলের সদস্য থাকাকালে তিনি কখনো কোনো উন্নয়ন বরাদ্দ পাননি।
স্পিকার বলেন, “৪০ বছর এই সংসদে কাটিয়েছি। বিরোধী দলের সদস্যও ছিলাম। একটি কানাকড়িও কোনোদিন পাইনি। পাঁচবার গ্রেফতার হয়ে জেলে গিয়েছি, এটুকুই ছিল আমার প্রাপ্তি।”
তিনি আরও বলেন, স্পিকারের দায়িত্বে থাকায় নিজের নির্বাচনী এলাকা ভোলার বিভিন্ন সমস্যা সংসদে তুলে ধরার সুযোগ পান না। তবে বিরোধীদলীয় নেতা ভোলার উন্নয়নের বিষয়ে একাধিক প্রস্তাব দেওয়ায় তাকে ধন্যবাদ জানান স্পিকার।

























