ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান অত্যন্ত ভালো, ইউনিসেফের মাধ্যমে আনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৪:২৬:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / 17

এবারের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ব্যবহৃত ভিটামিন ‘এ’ ক্যাপসুলের গুণগত মান অত্যন্ত ভালো বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, আন্তর্জাতিক পরীক্ষাগারে মান যাচাই শেষে ইউনিসেফের মাধ্যমে এই উন্নতমানের ক্যাপসুল দেশে আনা হয়েছে।
রোববার (২৮ জুন) সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ কনভেনশন হলে জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, এবারের ক্যাম্পেইনের আওতায় দেশের ৬ থেকে ৫৯ মাস বয়সী মোট ২ কোটি ৫৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ উদ্দেশ্যে সরকারের কাছে বর্তমানে লাল ও নীল রঙের মোট ২ কোটি ৬০ লাখ ভিটামিন ‘এ’ ক্যাপসুল মজুত রয়েছে।
তিনি বলেন, দেশের প্রতিটি শিশুর কাছে এই সেবা পৌঁছে দিতে সারা দেশে একযোগে ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। কোনো শিশু প্রথম দিনে ক্যাপসুল গ্রহণ করতে না পারলে দ্বিতীয় দিন, প্রয়োজনে পর্যায়ক্রমে চতুর্থ দিন পর্যন্ত তাকে ক্যাপসুল খাওয়ানোর ব্যবস্থা রাখা হয়েছে, যাতে কোনো শিশুই বাদ না পড়ে।
ক্যাপসুলের মান নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মান পরীক্ষার পর ইউনিসেফের মাধ্যমে দেশে আনা এই ভিটামিন ‘এ’ ক্যাপসুল সম্পূর্ণ নিরাপদ ও উন্নতমানের।
তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিশুদের অন্ধত্ব, হামের মতো বিভিন্ন জটিল রোগ প্রতিরোধে ভিটামিন ‘এ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নির্ধারিত সময়ে শিশুদের ক্যাম্পেইনের আওতায় এনে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য তিনি সবাইকে অনুরোধ জানান।
অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান, অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মোহাম্মদ ইউসুফ আলীসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
























