দেশে খাদ্যশস্যের সরকারি মজুত ২০ লাখ টন ছাড়াল, খাদ্য নিরাপত্তা নিয়ে আশাবাদী সরকার
- আপডেট সময় : ০৪:২৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
- / 31

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি গুদামগুলোতে খাদ্যশস্যের মজুত সন্তোষজনক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে খাদ্য অধিদপ্তর। ১৭ জুন ২০২৬ পর্যন্ত হিসাব অনুযায়ী, ফ্লোটিং মজুতসহ দেশে সরকারি খাদ্যশস্যের মোট মজুত দাঁড়িয়েছে ২০ লাখ ৬০ হাজার ৫০৭ মেট্রিক টনে।
খাদ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে সরকারি গুদামে ১৫ লাখ ৯৬ হাজার ৫৭৯ মেট্রিক টন চাল, ৩ লাখ ৩৬ হাজার ৮৩১ মেট্রিক টন গম এবং ১ লাখ ৬১ হাজার ৮৪ মেট্রিক টন ধান সংরক্ষিত রয়েছে। এছাড়া চাল ও গমের ভাসমান মজুত যুক্ত হয়ে মোট মজুতের পরিমাণ ২০ লাখ টন অতিক্রম করেছে।
চলতি ২০২৫-২৬ অর্থবছরে বোরো সংগ্রহ অভিযানও জোরদারভাবে চলছে। ১৭ জুন পর্যন্ত ৭ লাখ ১৮ হাজার ৩৭৩ মেট্রিক টন বোরো খাদ্যশস্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ধান, সিদ্ধ চাল, আতপ চাল ও গম অন্তর্ভুক্ত রয়েছে।
এদিকে চলতি অর্থবছরে সরকারি ও বেসরকারি খাতে মোট ৮৫ লাখ ৮৩ হাজার ৫১ টন খাদ্যশস্য আমদানি করা হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমান মজুত দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য যথেষ্ট এবং ভবিষ্যতে নতুন সংগ্রহের মাধ্যমে এই মজুত আরও বাড়বে।
খাদ্য সচিব আবু তাহের মো. মাসুদ রানা জানান, চলমান বোরো সংগ্রহ অভিযান আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে। সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী বিপুল পরিমাণ ধান, চাল ও গম সংগ্রহ করা হবে। সংশ্লিষ্টরা আশা করছেন, এতে বাজারে খাদ্যশস্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্থিতিশীল থাকবে।





















