জনগণের অর্থ আর বিদেশে পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান
- আপডেট সময় : ০৮:৪২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
- / 11

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থ কোনোভাবেই বিদেশে পাচার হতে দেওয়া হবে না। বরং সেই অর্থ দেশের মানুষের কল্যাণ, উন্নয়ন এবং জীবনমান উন্নয়নের কাজে ব্যয় করা হবে।
বুধবার (১৭ জুন) মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন মহল থেকে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচির অর্থায়ন নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, গত এক যুগে দেশের বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে। বর্তমান সরকার জনগণের অর্থ আর বিদেশে পাচার হতে দেবে না এবং সেই অর্থ জনগণের কল্যাণেই ব্যয় করবে।
তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও জনগণের ভাগ্য পরিবর্তনে প্রয়োজনীয় অর্থের কোনো সংকট হবে না। সরকার জনগণের অর্থ দিয়ে জনগণের জন্য কাজ করবে এবং দেশের সার্বিক উন্নয়নে সেই অর্থ ব্যবহার করবে।
তারেক রহমান বলেন, যারা অতীতে অর্থ পাচার করেছে কিংবা এখনও দেশের অর্থ বিদেশে নেওয়ার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাই সতর্ক থাকলে দেশের অর্থ আর বিদেশে পাচার করা সম্ভব হবে না।
অনুষ্ঠানে উপস্থিত হাজারো মানুষ ও চা-শ্রমিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানান। উপস্থিত জনতা সমস্বরে সরকারের উদ্যোগের প্রতি সমর্থন জানায়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআনসহ বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ, জাতীয় সংগীত এবং বিএনপির দলীয় সংগীত পরিবেশন করা হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধানমন্ত্রী ১০ জন নারীর হাতে প্রতীকীভাবে ফ্যামিলি কার্ড তুলে দেন এবং বাটন চেপে ফ্যামিলি কার্ডের তৃতীয় পর্যায়ের কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় তিনি চা-শ্রমিকদের আবাসন নির্মাণে দুই লাখ টাকা করে অনুদান, শিক্ষার্থীদের বৃত্তি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আর্থিক সহায়তার চেকও বিতরণ করেন।
বিএনপিকে গণমানুষের দল উল্লেখ করে তারেক রহমান বলেন, জনগণই বিএনপির সবচেয়ে বড় শক্তি এবং জনগণের ভোটেই দলটি বারবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে।


























