স্বাধীন গণমাধ্যমের পৃষ্ঠপোষক ছিলেন শহীদ জিয়াউর রহমান: তথ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৩:৫১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
- / 1

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশের স্বাধীন গণমাধ্যম বিকাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি দাবি করেন, ১৯৭৫ সালে সংবিধানের চতুর্থ সংশোধনী এবং সংবাদপত্র বাতিলের মাধ্যমে গণমাধ্যম যে সংকটের মুখে পড়েছিল, সেখান থেকে মুক্তির পথ দেখিয়েছিলেন জিয়াউর রহমান।
রোববার (১৪ জুন) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘গণমাধ্যম ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, বাংলাদেশের গণমাধ্যমকে শহীদ জিয়াউর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা উচিত, কারণ তিনি স্বাধীন ও বহুমাত্রিক গণমাধ্যম বিকাশে সহায়ক ভূমিকা রেখেছিলেন।
তিনি আরও বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের সংকটময় সময়ে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে দিকনির্দেশনা দিয়েছিল। একইভাবে ৭ নভেম্বরের রাজনৈতিক পরিবর্তনের পর তিনি দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন।
তথ্যমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, একজন সামরিক কর্মকর্তা হয়েও জিয়াউর রহমান রাষ্ট্রনায়কসুলভ দৃষ্টিভঙ্গি প্রদর্শন করেছিলেন। তিনি রাজনৈতিক ভিন্নমতকে গুরুত্ব দিয়েছেন এবং গণতান্ত্রিক চর্চার জন্য উন্মুক্ত পরিবেশ সৃষ্টি করেছিলেন।
গণমাধ্যম প্রসঙ্গে তিনি বলেন, জিয়াউর রহমান শুধু অবকাঠামোগত বা আর্থিক সহায়তা দেননি, বরং গণমাধ্যম যেন রাষ্ট্র ও সমাজের আয়না হিসেবে স্বাধীনভাবে কাজ করতে পারে, সেই পরিবেশও নিশ্চিত করেছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আইয়ূব ভূঁইয়ার সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।























