আদ্-দ্বীন মেডিকেল কলেজের শিক্ষার্থীদের অন্য হাসপাতালে সংযুক্ত করার নির্দেশ, লাইসেন্স বাতিলের পর নতুন সিদ্ধান্ত
- আপডেট সময় : ০৬:২১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
- / 15

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালের লাইসেন্স বাতিল হওয়ায় আদ্-দ্বীন উইমেনস মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্নদের অন্য হাসপাতালে সংযুক্ত করার নির্দেশনা দেওয়া হচ্ছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর আজ (১৪ জুন) এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি দিতে পারে বলে জানা গেছে।
রোববার (১৪ জুন) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন এ তথ্য জানান।
তিনি বলেন, বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন, ২০২২ অনুযায়ী প্রতিটি বেসরকারি মেডিকেল কলেজের সঙ্গে হাসপাতাল সংযুক্ত থাকা বাধ্যতামূলক। কিন্তু হাসপাতালের লাইসেন্স বাতিল হওয়ায় বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের ব্যবহারিক প্রশিক্ষণ কার্যক্রম ব্যাহত হচ্ছে।
সূত্র জানায়, হাসপাতালের লাইসেন্স বাতিল হলেও আদ্-দ্বীন উইমেনস মেডিকেল কলেজ বন্ধ হচ্ছে না। তবে শিক্ষার্থীদের ক্লিনিক্যাল ট্রেনিং নিশ্চিত করতে তাদের অন্য অনুমোদিত হাসপাতালে সংযুক্ত করতে হবে।
এ জন্য কলেজটিকে বিভিন্ন জেনারেল হাসপাতালের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করতে হবে। চুক্তি অনুযায়ী শিক্ষার্থীদের যাতায়াত ও প্রশিক্ষণের দায়িত্ব কলেজ কর্তৃপক্ষকেই নিতে হবে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বলছে, তৃতীয় বর্ষ থেকেই শিক্ষার্থীদের হাসপাতালে হাতে-কলমে প্রশিক্ষণ শুরু হয় এবং এমবিবিএস সম্পন্ন করার পর এক বছরের ইন্টার্নশিপ বাধ্যতামূলক। তাই বিকল্প হাসপাতাল সংযুক্তি দ্রুত সম্পন্ন করা প্রয়োজন।






















