ঈদযাত্রায় দুর্ভোগ চরমে: বৃষ্টি ও যানজটে নাকাল ঘরমুখো মানুষ
- আপডেট সময় : ০৪:৩২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
- / 39

পবিত্র ঈদুল আজহা বৃহস্পতিবার (২৮ মে) উদযাপিত হবে সারা দেশে। ঈদের আনন্দ পরিবার-পরিজনের সঙ্গে ভাগাভাগি করতে রাজধানী ঢাকা ছাড়ছেন হাজারো মানুষ। তবে ঈদের ঠিক আগমুহূর্তে টানা বৃষ্টি ও দীর্ঘ যানজটে চরম দুর্ভোগে পড়েছেন ঘরমুখো যাত্রীরা।
বুধবার (২৭ মে) ভোর থেকেই রাজধানীতে হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হয়। সকাল পর্যন্ত আকাশ খুব বেশি মেঘাচ্ছন্ন না থাকলেও আকস্মিক বৃষ্টিতে বিপাকে পড়েন বাড়ি ফেরা মানুষজন। অনেককে ভিজেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা হতে দেখা গেছে। কেউ কেউ যানবাহনের সংকটে খোলা পিকআপ ও ট্রাকে ঝুঁকি নিয়ে যাত্রা করছেন।
এর আগে মঙ্গলবার (২৬ মে) রাত থেকেই ঢাকা ও আশপাশের সড়কে তীব্র যানজট তৈরি হয়। গাজীপুরের প্রায় আড়াই হাজার শিল্পকারখানায় একযোগে ঈদের ছুটি ঘোষণার পর লাখো শ্রমিক একসঙ্গে বাড়ির পথে বের হওয়ায় মহাসড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যায়।
বিশেষ করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভোগড়া বাইপাস থেকে চন্দ্রা হয়ে কালিয়াকৈর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অনেক যাত্রীর অভিযোগ, ঢাকা থেকে চন্দ্রা পার হতে সময় লেগেছে ৬ থেকে ৭ ঘণ্টা। এর সঙ্গে বৃষ্টির কারণে দুর্ভোগ আরও বেড়ে যায়।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টা ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, বুধবার রাজশাহী, খুলনা, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের আশঙ্কাও রয়েছে।
এছাড়া দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া, টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
দেশের অন্যান্য অঞ্চলেও ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়ার সম্ভাবনা থাকায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।





















