ঈদযাত্রায় ডিএমপির কড়া নির্দেশনা, বাড়তি ভাড়া ও ছাদে যাত্রী বহনে নিষেধাজ্ঞা
- আপডেট সময় : ০৩:১০:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
- / 40

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানী ঢাকা থেকে ঘরে ফেরা মানুষের যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বাস টার্মিনালকেন্দ্রিক পরিবহন মালিক, শ্রমিক, যাত্রী এবং পথচারীদের জন্য আলাদা নির্দেশনা দিয়ে সবাইকে তা মেনে চলার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
রোববার ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনার কথা জানানো হয়। ঈদযাত্রায় যানজট, দুর্ঘটনা ও যাত্রী হয়রানি কমাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ।
পরিবহন মালিক ও শ্রমিকদের জন্য দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত সময় অনুযায়ী বাস ছাড়তে হবে এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। একই সিট একাধিক যাত্রীর কাছে বিক্রি করা থেকেও বিরত থাকতে হবে। এছাড়া যাত্রীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ বা হয়রানি না করার নির্দেশ দেওয়া হয়েছে।
ডিএমপি আরও জানিয়েছে, বাসের ছাদে যাত্রী পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। একই সঙ্গে পণ্যবাহী ও পশুবাহী যানবাহনে যাত্রী বহন করা যাবে না। চালকদের গতিসীমা মেনে গাড়ি চালাতে হবে এবং ঝুঁকিপূর্ণ এলাকায় ওভারটেকিং থেকে বিরত থাকতে বলা হয়েছে।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, কোনো চালককে একটানা পাঁচ ঘণ্টার বেশি এবং দিনে আট ঘণ্টার বেশি গাড়ি চালাতে বাধ্য করা যাবে না। বৈধ লাইসেন্স ও গাড়ির কাগজপত্র ছাড়া গাড়ি চালানো, নেশাগ্রস্ত বা অসুস্থ অবস্থায় গাড়ি চালানোও নিষিদ্ধ করা হয়েছে।
গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার, ইয়ারফোনে কথা বলা বা উচ্চস্বরে গান বাজানো যাবে না বলেও সতর্ক করেছে ডিএমপি। পাশাপাশি উল্টো পথে গাড়ি চালানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।
যাত্রীদের জন্য দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত টার্মিনাল বা কাউন্টার থেকেই বাসে উঠতে হবে এবং যাত্রার আগে যথাসময়ে টার্মিনালে পৌঁছাতে হবে। অপরিচিত কারো দেওয়া খাবার বা পানীয় গ্রহণ না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া নিজের মালামাল নিজ দায়িত্বে রাখার পাশাপাশি চলন্ত গাড়িতে ওঠানামা না করার আহ্বান জানানো হয়েছে। পণ্যবাহী বা পশুবাহী যানবাহনে যাত্রী হয়ে ভ্রমণ না করার বিষয়েও সতর্ক করেছে পুলিশ।
পথচারীদের জেব্রা ক্রসিং, ফুটওভার ব্রিজ ও আন্ডারপাস ব্যবহার করে রাস্তা পারাপারের পরামর্শ দেওয়া হয়েছে। রাস্তা পার হওয়ার সময় মোবাইল ফোন ব্যবহার না করতেও বলা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, ঈদযাত্রায় কোনো জরুরি পরিস্থিতি তৈরি হলে নিকটস্থ পুলিশ কন্ট্রোল রুম অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করা যাবে। নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে নগরবাসীর সহযোগিতাও কামনা করেছে সংস্থাটি।





















