ঈদযাত্রায় ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে কঠোর নজরদারি
- আপডেট সময় : ০৩:৪৭:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
- / 10

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেন চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। শনিবার সকালে পরিদর্শন শেষে তিনি ঈদযাত্রা ঘিরে নেওয়া নিরাপত্তা ও ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরেন।
সচিব জানান, ঈদের সময় ট্রেনের ছাদে যাত্রী ওঠা এবং টিকিট ছাড়া ভ্রমণ ঠেকাতে এবার বিশেষ নজরদারি থাকবে। আইনশৃঙ্খলা বাহিনী ও রেলওয়ে পুলিশকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
তিনি বলেন, বিশেষ করে উত্তরাঞ্চলগামী ট্রেনগুলোতে অতীতে ছাদে ভ্রমণের প্রবণতা বেশি দেখা গেছে। তাই এসব রুটে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ছাদে ভ্রমণ যাত্রীদের জীবনের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলেও সতর্ক করেন তিনি।
রেলপথ সচিব আরও জানান, কমলাপুর ও বিমানবন্দর স্টেশনসহ গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে ভ্রাম্যমাণ আদালত ও নজরদারি দল মোতায়েন করা হয়েছে। পাশাপাশি টিকিট ছাড়া যাত্রীদের স্টেশনে প্রবেশ ঠেকাতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা চালু করা হয়েছে।
ঈদে অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে সরকার ২৫ শতাংশ আসনবিহীন টিকিট বিক্রির অনুমতি দিয়েছে বলেও জানান তিনি।
স্টেশনের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ ও এপিবিএন সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো অনিয়ম দেখলে রেলওয়ের হটলাইন নম্বর ১৩১-এ জানানোর আহ্বান জানানো হয়েছে যাত্রীদের।










