১১৬টি জুয়ার সাইট বন্ধে বিটিআরসিকে তালিকা দিল সিআইডি, আটক ৮
- আপডেট সময় : ০৬:৪৯:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
- / 37

দেশের ১১৬টি অবৈধ জুয়ার ওয়েবসাইট ও অ্যাপস বন্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) তালিকা পাঠিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। একই সঙ্গে চারটি সাইট পরিচালনার সঙ্গে জড়িত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার সিআইডির প্রধান ও অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমেদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট ইউনিট নিয়মিত সাইবার মনিটরিংয়ের মাধ্যমে এসব জুয়ার ওয়েবসাইট শনাক্ত করে বন্ধের জন্য বিটিআরসিতে তালিকা পাঠিয়েছে।
সিআইডির তথ্য অনুযায়ী, ১ মে থেকে পরিচালিত সাইবার প্যাট্রলিংয়ে এসব অবৈধ জুয়ার সাইট চিহ্নিত করা হয়। পাশাপাশি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জুয়ার লেনদেনের সঙ্গে জড়িত ৮৭৯টি অ্যাকাউন্ট ও বিভিন্ন ব্যাংকের ৪৩টি অ্যাকাউন্ট বন্ধের জন্য বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা ইউনিটকে অনুরোধ জানানো হয়েছে।
সংস্থাটি আরও জানায়, গ্রেপ্তারকৃতরা চারটি জুয়ার সাইট পরিচালনার সঙ্গে জড়িত ছিলেন। এসব সাইটের মাধ্যমে দৈনিক প্রায় দুই কোটি টাকা হাতিয়ে নেওয়া হতো, যা পরে হুন্ডি ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বিদেশে পাচার করা হতো।
গত ৬ মে প্রথম দফায় চারজনকে গ্রেপ্তারের পর গত শনিবার আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পল্টন থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে।
সিআইডি জানিয়েছে, পাচার হওয়া অর্থ উদ্ধারে দেশি-বিদেশি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ চলছে এবং চক্রটির আন্তর্জাতিক নেটওয়ার্ক শনাক্তের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
















