ঈদে টানা সাতদিন বন্ধ থাকবে আদালত, ছুটির আগের দুইদিন খোলা
- আপডেট সময় : ১১:১১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
- / 89

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের সব অধস্তন আদালতের কার্যক্রম বন্ধ থাকবে। তবে ঈদের ছুটির আগে শনিবারের সাপ্তাহিক ছুটি ও রোববার আদালত খোলা থাকবে এবং স্বাভাবিক কার্যক্রম চলবে।
রোববার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার (বিচার) মুহাম্মদ নুরুল আমিন বিপ্লব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে ঈদুল আজহা উপলক্ষে সরকারি ও বেসরকারি অফিসে টানা সাত দিনের ছুটি ঘোষণা করে সরকার। ছুটির আগে ২৩ মে শনিবার ও ২৪ মে রোববার সরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। এ সংক্রান্ত প্রজ্ঞাপন গত ১৪ মে জারি করা হয়।
যদিও সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, তবুও কিছু জরুরি সেবা এই ছুটির আওতার বাইরে থাকবে। এর মধ্যে বিদ্যুৎ, পানি, গ্যাস ও জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবা ও পরিচ্ছন্নতা কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে।
এ ছাড়া চিকিৎসাসেবার সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহনও স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাবে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক। একইভাবে উচ্চ ও নিম্ন আদালতের কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট।





















