জাবিতে ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্তের সন্ধানে পুরস্কার ঘোষণা পুলিশের
- আপডেট সময় : ০৭:০৮:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
- / 42

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক ছাত্রীকে আক্রমণ ও ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্ত যুবকের পরিচয় ও অবস্থান জানতে জনসাধারণের সহযোগিতা চেয়েছে পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া ওই ব্যক্তির সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য দিতে পারলে তাকে পুরস্কৃত করার ঘোষণাও দেওয়া হয়েছে।
শনিবার পুলিশ সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, ঘটনাটির পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য কাজ করছে। তবে এখনো তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। এ কারণে সাধারণ মানুষের সহায়তা চাওয়া হয়েছে।
পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, সিসিটিভি ফুটেজে দেখা ওই যুবকের পরিচয়, অবস্থান বা সংশ্লিষ্ট কোনো তথ্য কারও জানা থাকলে নির্দিষ্ট একটি হোয়াটসঅ্যাপ নম্বরে (০১৩২০-০৮৯৩০৫) জানাতে অনুরোধ করা হয়েছে। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও আশ্বস্ত করা হয়েছে।
একই সঙ্গে নিশ্চিত ও নির্ভরযোগ্য তথ্য প্রদানকারীদের পুলিশ পুরস্কৃত করবে বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেছা হল সংলগ্ন এলাকায় এক ছাত্রীকে জোরপূর্বক টেনে নিয়ে ধর্ষণের চেষ্টা করে বহিরাগত এক যুবক—এমন অভিযোগ ওঠে। ঘটনার পর থেকেই ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।
নির্ধারিত সময়ের মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার না করায় আন্দোলনরত নারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে অবাঞ্ছিত ঘোষণা করেন এবং প্রক্টর কার্যালয়ে তালা ভেঙে নতুন করে তালা ঝুলিয়ে দেন।





















