রাষ্ট্র ও সরকার এক নয়, জনগণের ইচ্ছাই রাষ্ট্র পরিচালনার মূল শক্তি: তথ্যমন্ত্রী
- আপডেট সময় : ১০:১৩:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
- / 19

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সরকার ও রাষ্ট্রকে এক করে দেখার প্রবণতা থেকে বেরিয়ে এসে জনগণের কল্যাণে একটি জবাবদিহিমূলক, দক্ষ ও প্রযুক্তিনির্ভর প্রশাসনিক সংস্কৃতি গড়ে তুলতে হবে।
বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, রাষ্ট্র কোনো ব্যক্তি বা সরকারের ব্যক্তিগত বিষয় নয়। জনগণের ইচ্ছাই রাষ্ট্র পরিচালনার মূল শক্তি। জনগণের প্রত্যাশা থেকে বিচ্ছিন্ন হলে কোনো সরকারই দীর্ঘদিন টিকে থাকতে পারে না।
তিনি আরও বলেন, নির্বাচিত সরকারের দায়িত্ব হলো জনগণের ইচ্ছা ও মতামতকে বাস্তবায়ন করা। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সবাইকে সরকারের জনকল্যাণমূলক লক্ষ্য বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করতে হবে।
তথ্যমন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশে বলেন, সংবিধান ও আইনকে উপেক্ষা করে কোনো কার্যক্রম পরিচালনা করা যাবে না। রাষ্ট্র পরিচালনার প্রতিটি স্তরে আইনের শাসন নিশ্চিত করতে হবে।
তিনি প্রশাসনের দক্ষতা ও সক্ষমতা একত্রিত করে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন। তার মতে, ছড়িয়ে থাকা দক্ষতাকে নির্দিষ্ট লক্ষ্য অনুযায়ী কাজে লাগাতে পারলে প্রশাসনের কার্যকারিতা বহুগুণ বাড়বে।
উদাহরণ দিয়ে তিনি বলেন, যেভাবে ছড়িয়ে থাকা আলোকে লেজারে রূপান্তর করলে শক্তি বৃদ্ধি পায়, তেমনি সম্মিলিত দক্ষতা ও আন্তরিকতা প্রশাসনকে আরও কার্যকর করতে পারে।
মন্ত্রী আরও বলেন, সম্মিলিত জ্ঞানই সবচেয়ে বড় শক্তি। তিনি কর্মকর্তাদের মুক্তভাবে মতামত ও পরামর্শ দেওয়ার আহ্বান জানান এবং প্রশাসনে অংশগ্রহণমূলক পরিবেশ তৈরির ওপর জোর দেন।
সভায় তিনি দ্রুত ডিজিটালাইজেশনের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, তথ্যের স্বচ্ছতা না থাকলে অযথা সন্দেহ ও বিভ্রান্তি তৈরি হয়। তাই সব কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
সভায় তথ্য সচিব মাহবুবা ফারজানাসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










