দেশে বাড়ছে উচ্চ রক্তচাপ, বাজেটে বিশেষ বরাদ্দ চাইলেন বিশেষজ্ঞরা
- আপডেট সময় : ০৬:২৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
- / 39

দেশে উচ্চ রক্তচাপের প্রকোপ উদ্বেগজনকভাবে বাড়ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে বুধবার (১৩ মে) রাজধানীর বিএমএ ভবনে আয়োজিত ‘উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে অগ্রাধিকার: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়। সভার আয়োজন করে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা এবং সহযোগিতা করে গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর।
প্রতি বছর ১৭ মে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘একসঙ্গে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ’।
সভায় জানানো হয়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ‘স্বাস্থ্য ও রোগ পরিস্থিতি জরিপ-২০২৫’ অনুযায়ী দেশে শীর্ষ ১০টি রোগের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে উচ্চ রক্তচাপ।
বক্তারা বলেন, পর্যাপ্ত অর্থায়নের অভাবে সবার জন্য বিনামূল্যে উচ্চ রক্তচাপের ওষুধ সরবরাহ কার্যক্রম পুরোপুরি বাস্তবায়ন করা যাচ্ছে না। ফলে রোগটির প্রকোপ আরও বাড়ছে।
আলোচনা সভায় তুলে ধরা হয়, বর্তমানে দেশে মোট মৃত্যুর ৭১ শতাংশই ঘটে বিভিন্ন অসংক্রামক রোগে, যার অন্যতম কারণ উচ্চ রক্তচাপ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২৫ সালের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশে হৃদরোগজনিত অসুস্থতায় মারা গেছেন দুই লাখ ৮৩ হাজার ৮০০ মানুষ। এর মধ্যে ৫২ শতাংশ মৃত্যুর জন্য দায়ী উচ্চ রক্তচাপ।
বিশেষজ্ঞরা বলেন, তৃণমূল পর্যায়ে উচ্চ রক্তচাপের ওষুধ সরবরাহ শুরু হলেও পর্যাপ্ত বরাদ্দের অভাবে দেশের সব কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত ওষুধ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।
স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. মো. এনামুল হক বলেন, শুধু বাজেট বাড়ালেই হবে না, বরাদ্দের সঠিক বাস্তবায়নও নিশ্চিত করতে হবে।
কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মো. খোরশেদ আলম বলেন, সরকার কমিউনিটি ক্লিনিক ও উপজেলা পর্যায়ে উচ্চ রক্তচাপের ওষুধ সরবরাহ নিশ্চিত করতে কাজ করছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী বলেন, বিনামূল্যে ওষুধ সরবরাহ নিশ্চিত করা গেলে উচ্চ রক্তচাপজনিত রোগ ও মৃত্যুহার কমানো সম্ভব হবে।
বক্তারা আরও বলেন, গবেষণাভিত্তিক প্রতিরোধমূলক পদক্ষেপ, জনসচেতনতা বৃদ্ধি এবং টেকসই অর্থায়নের মাধ্যমে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কার্যকর অগ্রগতি আনা সম্ভব।










