বাজার সিন্ডিকেট ঠেকাতে কড়া নজরদারি, ঈদে বাড়ছে টিসিবির ট্রাকসেল
- আপডেট সময় : ০৩:০৮:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
- / 84

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে টিসিবির ট্রাকসেল কার্যক্রম উদ্বোধন করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে সিন্ডিকেট ও কারসাজি ঠেকাতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে।
সোমবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী জানান, আমদানি থেকে খুচরা বিক্রি পর্যন্ত পুরো সরবরাহ ব্যবস্থাকে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে বাজার পরিস্থিতি ও পণ্যের সরবরাহ ব্যবস্থা আরও কার্যকরভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
তিনি বলেন, বাজার নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করতে কিছু গুরুত্বপূর্ণ পণ্যের কৌশলগত মজুত গড়ে তোলার পরিকল্পনাও সরকারের রয়েছে। এতে সংকটের সময় দ্রুত বাজারে পণ্য সরবরাহ নিশ্চিত করা সহজ হবে।
মন্ত্রী আরও জানান, গত কোরবানির ঈদে প্রায় ১০ হাজার ৯০০ টন খাদ্যপণ্য বিতরণ করা হয়েছিল। এবার সেই পরিমাণ বাড়িয়ে প্রায় ১৪ হাজার টনে উন্নীত করা হচ্ছে, যা আগের বছরের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি।
তিনি বলেন, ভবিষ্যতেও বিশেষ উৎসব ও জরুরি পরিস্থিতিতে টিসিবির ট্রাকসেল কার্যক্রম চালু রাখা হবে। একই সঙ্গে ভর্তুকিমূল্যে খাদ্যপণ্য বিক্রিও অব্যাহত থাকবে।
উপকারভোগীর তালিকা নিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, আগের তালিকা পর্যালোচনায় প্রায় ৫৯ লাখ ভুয়া বা প্রশ্নবিদ্ধ নাম পাওয়া গেছে। পরে নতুন ও স্বচ্ছ প্রক্রিয়ায় তালিকা হালনাগাদ করে বর্তমানে ৮০ লাখ মানুষকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভবিষ্যতে আরও ২০ লাখ মানুষকে এই সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
তিনি জানান, সরকারের মূল লক্ষ্য হলো নিম্নবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ভর্তুকিমূল্যে প্রয়োজনীয় খাদ্যপণ্য পৌঁছে দেওয়া। এ উদ্দেশ্যেই সারা দেশে টিসিবির কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে।





















