মানবপাচারের অভিযোগে আলোচিত ভুয়া ট্রাভেল প্রতিষ্ঠান, দেশবাসীকে জরুরি সতর্কবার্তা দিল মন্ত্রণালয়
- আপডেট সময় : ০৭:১২:১২ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
- / 11

মানবপাচারের সঙ্গে জড়িত কিছু ট্রাভেল প্রতিষ্ঠানের বিষয়ে দেশবাসীকে সতর্ক করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। রোববার প্রকাশিত এক তথ্যবিবরণীতে মন্ত্রণালয় জানায়, সম্প্রতি প্রকাশিত একটি সংবাদ ঘিরে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হওয়ায় এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া প্রয়োজন হয়ে পড়ে।
মন্ত্রণালয় জানায়, মানবপাচারের অভিযোগে আলোচনায় আসা প্রতিষ্ঠানটির নাম “ড্রিম হোম ট্রাভেলস”। এটি “ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড” নয়। তদন্তে জানা গেছে, প্রতিষ্ঠানটির ভ্রমণ সংক্রান্ত সনদের মেয়াদ ২০২১ সালের ৩ এপ্রিলেই শেষ হয়ে গেছে। প্রতিষ্ঠানটির মালিক এম এম আবুল হাসান।
তথ্যবিবরণীতে আরও বলা হয়, দেশের প্রচলিত আইন অনুযায়ী সব ভ্রমণ প্রতিষ্ঠানকে নিবন্ধনের আওতায় আসতে হয়। অনলাইনের মাধ্যমে নিবন্ধন ও নবায়নের সব কার্যক্রম সম্পন্ন করা বাধ্যতামূলক। কিন্তু অনেক প্রতিষ্ঠান মেয়াদোত্তীর্ণ সনদ কিংবা কোনো নিবন্ধন ছাড়াই ব্যবসা পরিচালনা করছে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে যাত্রীদের সঙ্গে প্রতারণা ও হয়রানির অভিযোগও পাওয়া যাচ্ছে।
এ অবস্থায় সাধারণ মানুষকে অনিবন্ধিত বা মেয়াদোত্তীর্ণ ভ্রমণ প্রতিষ্ঠানের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। একই সঙ্গে টিকিট বা ভ্রমণ প্যাকেজ কেনার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিবন্ধন ও নবায়নের তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। এতে প্রতারণা ও আর্থিক ক্ষতির ঝুঁকি অনেকটাই কমবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।










