বৃষ্টির পর স্বস্তির আবহাওয়া, এবার ৪৮ ঘণ্টায় কালবৈশাখী ঝড়ের সতর্কতা
- আপডেট সময় : ০৮:৪৬:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
- / 67

টানা কয়েকদিনের বৃষ্টিতে দেশের তাপমাত্রা অনেকটাই কমে এসেছে, ফলে তীব্র গরম থেকে কিছুটা স্বস্তি মিলেছে। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে সর্বোচ্চ ১২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যার ফলে তাপমাত্রা নেমে এসেছে প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।
তবে এই স্বস্তির আবহাওয়ার মধ্যেই নতুন করে ঝড়ের শঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় দেশের আটটি বিভাগে বিচ্ছিন্নভাবে কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তার বেশি গতির ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
গত ২৪ ঘণ্টায় পটুয়াখালীর খেপুপাড়ায় সর্বোচ্চ ১২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া নোয়াখালী, নারায়ণগঞ্জ, রাজশাহী, টাঙ্গাইল, বরিশাল ও ঢাকাসহ দেশের প্রায় সব অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে।
একই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাতক্ষীরায় ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, আর ঢাকায় ছিল ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে তাপমাত্রা আবার বাড়তে পারে।





















