রাজধানীতে উগ্রবাদী চক্রের গোপন নেটওয়ার্ক ভেঙে দিল ডিবি, অস্ত্র-ড্রোনসহ গ্রেপ্তার ৪
- আপডেট সময় : ০৯:৪৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
- / 182

উগ্রবাদী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে রাজধানীতে বড় ধরনের অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা দেশের অখণ্ডতা, সার্বভৌমত্ব ও জননিরাপত্তা বিঘ্নিত করার উদ্দেশ্যে সংঘবদ্ধভাবে নাশকতার পরিকল্পনা করছিল।
গ্রেপ্তাররা হলেন মো. ইমরান চৌধুরী, মো. মোস্তাকিম চৌধুরী, রিপন হোসেন শেখ এবং আবু বক্কর। ডিবি রমনা বিভাগের একটি দল রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার দুপুরের মধ্যে তাঁদের আটক করে।
পরে তাঁদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয় এবং গ্রেপ্তার দেখানো হয়। পুলিশ জানায়, অভিযানে বিদেশি পিস্তল, শটগান, গুলি, বিস্ফোরক জাতীয় গানপাউডার, ড্রোন, মেটাল ডিটেক্টর, সামরিক পোশাক, জিহাদি বইসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
তদন্তে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্রেপ্তারদের মধ্যে কয়েকজন রোহিঙ্গাভিত্তিক সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির সঙ্গে জড়িত থাকতে পারে। পাশাপাশি তাদের পাকিস্তানভিত্তিক আরেকটি উগ্রবাদী সংগঠনের সঙ্গেও সংযোগ আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
ডিবি সূত্র জানায়, তারা রাজধানীতে সংগঠিত হয়ে গোপনে নাশকতা ও গুপ্ত হামলার পরিকল্পনা করছিল। উদ্ধার করা ড্রোন ও প্রযুক্তি সরঞ্জামগুলো নজরদারি ও হামলার প্রস্তুতিতে ব্যবহারের উদ্দেশ্যে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে তাদের নেটওয়ার্ক, অর্থায়ন ও পরিকল্পনার বিস্তারিত তথ্য বেরিয়ে আসবে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, যেকোনো ধরনের উগ্রবাদী তৎপরতার বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।


























