নকলের দায়ে রুয়েটে ৫ শিক্ষার্থী বহিষ্কার, কঠোর বার্তা প্রশাসনের
- আপডেট সময় : ০৯:২৩:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
- / 22

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর একাডেমিক পরীক্ষায় নকল ও অসুদোপায় অবলম্বনের অভিযোগে পাঁচ শিক্ষার্থীকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ডিসিপ্লিনের এক সভায় অভিযোগ পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শাস্তিপ্রাপ্তদের মধ্যে ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের দুইজন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন, পুরকৌশল বিভাগের একজন এবং যন্ত্রকৌশল বিভাগের একজন শিক্ষার্থী রয়েছেন। তারা বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
বোর্ড অব ডিসিপ্লিন বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা, শিক্ষার্থীদের আচরণবিধি তদারকি এবং অনিয়ম-অপরাধ তদন্তের দায়িত্ব পালন করে থাকে। সংশ্লিষ্ট সভায় পরীক্ষার হলে অননুমোদিত উপকরণ বহন ও ব্যবহারের অভিযোগ যাচাই-বাছাই করা হয়।
তদন্তে দেখা যায়, অভিযুক্ত শিক্ষার্থীদের প্রত্যেকের কাছ থেকেই পরীক্ষার সময় বিভিন্ন ধরনের নিষিদ্ধ উপকরণ উদ্ধার করা হয়েছে। কারও কাছে হাতে লেখা নোট, কারও কাছে চিরকুট, আবার কারও কাছে গুরুত্বপূর্ণ সূত্র ও তথ্য সংবলিত কাগজ পাওয়া যায়।
তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নাম প্রকাশ করেনি। এ বিষয়ে বোর্ডের সদস্য সচিব ও ছাত্রকল্যাণ পরিচালক রবিউল ইসলাম সরকার বলেন, একাডেমিক সততা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো শিক্ষার্থী অসুদোপায় অবলম্বন করলে তা শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, পুরো শিক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করে। তিনি জানান, এ ধরনের অনৈতিকতার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও জানিয়েছে, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ভবিষ্যতেও এমন কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।


























