সীমান্তে বড় সাফল্য, হত্যা কমেছে ৭৫ শতাংশ
- আপডেট সময় : ০৫:২৪:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
- / 33

সীমান্ত এলাকায় হত্যার ঘটনা প্রায় ৭৫ শতাংশ কমেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, এ হার আরও কমিয়ে শূন্যে নামিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।
মঙ্গলবার সচিবালয়ের পিআইডি সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানাও উপস্থিত ছিলেন।
উপদেষ্টা জানান, প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক তৎপরতা জোরদার করায় সীমান্ত পরিস্থিতির উন্নতি হয়েছে এবং ভবিষ্যতে এটি আরও ভালো হবে বলে আশা করা হচ্ছে।
তিনি বলেন, বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি ও প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনার কারণে গত দুই মাসে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। গত বছরের তুলনায় সীমান্তে সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে গ্রেফতারের হার প্রায় ৭০০ শতাংশ বেড়েছে।
এছাড়া মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে সাফল্য প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলেও জানান তিনি।
ডা. জাহেদ উর রহমান আরও বলেন, জাতীয় সম্পদ রক্ষায় বিজিবি প্রায় ১ লাখ লিটার জ্বালানি তেল পাচার রোধ করেছে, যা গত বছরের তুলনায় ৩৫ শতাংশ বেশি। পাশাপাশি মানবপাচার প্রতিরোধে সচেতনতা ও আইন প্রয়োগ বাড়ানোর ফলে এ খাতে প্রায় ২৫ শতাংশ উন্নতি হয়েছে।























