দেশে ৬ মাসের টিকার মজুত: স্বাস্থ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৭:০১:০০ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
- / 3

দেশে সব ধরনের টিকার পর্যাপ্ত মজুত রয়েছে এবং আগামী ছয় মাস টিকাদান কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার রাজধানীর একটি সুপার স্পেশালাইজড হাসপাতালে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
এর আগে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি-তে আয়োজিত এক অনুষ্ঠানে চীনের কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়-এর সঙ্গে ‘চায়না-বাংলাদেশ জয়েন্ট সার্জিক্যাল ক্লিনিক’ চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
স্বাস্থ্যমন্ত্রী জানান, যক্ষ্মা, বিসিজিসহ মোট নয় ধরনের টিকা বর্তমানে পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে এবং আরও টিকা সরবরাহ প্রক্রিয়াধীন। ফলে টিকাদান কর্মসূচিতে কোনো বিঘ্ন ঘটবে না।
তিনি বলেন, অতীতে টিকা সরবরাহে ঘাটতির কারণে দেশে হাম পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে বর্তমানে গ্যাভি এবং ইউনিসেফ-এর সহায়তায় দ্রুত টিকা সংগ্রহ করে দেশব্যাপী টিকাদান কার্যক্রম চালু করা হয়েছে।
এছাড়া স্বাস্থ্যখাতে জনবল সংকট দূর করতে শিগগিরই এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানান মন্ত্রী। উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে চিকিৎসকদের নিরাপত্তা জোরদারে ১০ জন করে সশস্ত্র আনসার সদস্য নিয়োগের কথাও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় স্বাস্থ্যখাতে এই যৌথ উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হয়েছে এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।
























