হামের প্রকোপে স্কুল বন্ধ চেয়ে রিট, শুনানি সোমবার
- আপডেট সময় : ০৩:৩৯:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
- / 35

দেশে হামের প্রকোপ না কমা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানির জন্য আগামী সোমবার দিন ধার্য করেছেন হাইকোর্ট।
রোববার বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ দিন নির্ধারণ করেন। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার পূর্ণিমা জাহান।
এর আগে গত ২ এপ্রিল হামের বিস্তার কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। একই সঙ্গে দেশে হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের আবেদন জানানো হয়েছে।
রিটটি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় দাখিল করা হয়। এর আগে শিশুদের জন্য হামের টিকা নিশ্চিত করতে সরকারকে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার জন্য একটি আইনি নোটিশ পাঠানো হয়।
মানবাধিকার কর্মী ও সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া স্বাস্থ্য মন্ত্রী, স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে এ নোটিশ পাঠান।
নোটিশে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে হামের টিকার ঘাটতির কারণে দেশের বিভিন্ন স্থানে শিশু আক্রান্ত হচ্ছে এবং অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।
এতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে সংবিধানের বিধান অনুযায়ী উচ্চ আদালতে রিট করা হবে।















