যত্রতত্র পশু জবাই ঠেকাতে রাজধানীজুড়ে বিশেষ ব্যবস্থা
- আপডেট সময় : ০৪:৪৭:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
- / 94

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাখতে ব্যাপক উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সংস্থাটি জানিয়েছে, দক্ষিণ ঢাকার ৭৫টি ওয়ার্ডের বাসিন্দাদের সুবিধার্থে এবার ৩৫৭টি নির্ধারিত স্থানে কোরবানির পশু জবাইয়ের ব্যবস্থা করা হয়েছে।
বুধবার (২৭ মে) ডিএসসিসির প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সিটি করপোরেশন জানিয়েছে, ধানমন্ডি, লালবাগ, খিলগাঁও, বাসাবো, পুরান ঢাকাসহ বিভিন্ন জনবহুল এলাকায় স্বাস্থ্যসম্মত ও সুশৃঙ্খলভাবে কোরবানি সম্পন্ন করার জন্য এসব স্থান প্রস্তুত করা হয়েছে। মূলত যত্রতত্র পশু জবাই বন্ধ করা এবং দ্রুত বর্জ্য অপসারণ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ধানমন্ডি ও আশপাশের এলাকায় ধানমন্ডি ৪ নম্বর রোডের মাঠ, ১৫ নম্বর স্টাফ কোয়ার্টার, ১৪ নম্বর রোড এবং শংকর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকাকে কোরবানির জন্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া হাতিরপুল, কাঁঠালবাগান ও পান্থপথ এলাকার বাসিন্দাদের জন্যও আলাদা স্থান রাখা হয়েছে।
খিলগাঁও, গোড়ান ও বনশ্রী এলাকায় খিলগাঁও পুরাতন পুলিশ ফাঁড়ি, জাগরণী সংসদ মাঠ ও বিদ্যুৎ অফিস সংলগ্ন সড়ক ব্যবহারের সুযোগ থাকবে। পাশাপাশি গোড়ান, বনশ্রী ও মেরাদিয়া এলাকার বিভিন্ন মাঠ ও খালি জায়গাকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।
বাসাবো, মাদারটেক ও শান্তিনগর এলাকায় শহীদ আরাউদ্দিন পার্ক, মাদারটেক আব্দুর আজিজ স্কুল মাঠ এবং কমলাপুর স্টেডিয়ামের দক্ষিণ পাশকে কোরবানির স্থান হিসেবে নির্ধারণ করা হয়েছে। এছাড়া আরামবাগ, এজিবি কলোনি ও শান্তিনগরের বিভিন্ন সড়কেও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
অন্যদিকে পুরান ঢাকা ও লালবাগ এলাকার জনঘনত্ব বিবেচনায় হাজারীবাগ, নবাবগঞ্জ, লালবাগ কেল্লা সংলগ্ন এলাকা, ইসলামবাগ, বেগমবাজার, বংশাল ও সিদ্দিকবাজারে বড় পরিসরে পৃথক কোরবানির স্থান নির্ধারণ করা হয়েছে।
ডিএসসিসি জানিয়েছে, নাগরিকরা নির্ধারিত স্থানগুলো ব্যবহার করলে ঈদের দিন দ্রুত সময়ের মধ্যে পশুর বর্জ্য অপসারণ করা সম্ভব হবে। এতে ড্রেনেজ ব্যবস্থা সচল থাকবে এবং দুর্গন্ধ ও পরিবেশ দূষণ কমানো যাবে।























