যুক্তরাষ্ট্রে পড়াশোনা মাঝপথে ছাড়লে ভিসা বাতিলের সতর্কতা
- আপডেট সময় : ০৪:২৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
- / 116

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা সংক্রান্ত বিষয়ে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত United States Embassy Dhaka। শনিবার তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ সতর্কতা জানানো হয়।
দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো শিক্ষার্থী যদি পড়াশোনা মাঝপথে বন্ধ করে দেন, নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকেন বা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে না জানিয়ে কোর্স থেকে সরে দাঁড়ান, তাহলে তার ভিসা বাতিল হতে পারে। পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়াও কঠিন হয়ে পড়তে পারে।
বার্তায় আরও বলা হয়, স্টুডেন্ট ভিসাধারীদের অবশ্যই নির্ধারিত নিয়ম মেনে নিয়মিতভাবে ক্লাসে অংশ নিতে হবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে হবে।
দূতাবাস সতর্ক করে জানায়, ভিসার শর্ত ভঙ্গ করলে শুধু বর্তমান ভিসাই বাতিল হতে পারে না, ভবিষ্যতে নতুন ভিসা আবেদনও প্রত্যাখ্যাত হওয়ার ঝুঁকি তৈরি হয়।
সবশেষে শিক্ষার্থীদের উদ্দেশে বলা হয়, ভিসার শর্ত মেনে চলা এবং বৈধ শিক্ষার্থী হিসেবে অবস্থান বজায় রাখাই সবচেয়ে নিরাপদ পথ।





















