ক্রোম এক্সটেনশনে সাইবার হুমকি, ১০৮টি ক্ষতিকর অ্যাপ শনাক্ত
- আপডেট সময় : ০৮:২৭:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
- / 7

ব্রাউজিংয়ের সুবিধা বাড়াতে অনেকেই ক্রোম ব্রাউজারে বিভিন্ন এক্সটেনশন ব্যবহার করেন। তবে এই সুযোগকে কাজে লাগিয়ে একদল সাইবার অপরাধী ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য গোপনে সংগ্রহ করছে এবং ভুয়া প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেখাচ্ছে। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান Socket এ ধরনের ১০৮টি ক্ষতিকর এক্সটেনশন শনাক্ত করেছে।
এক প্রতিবেদনে প্রতিষ্ঠানটি জানায়, এসব এক্সটেনশন দেখতে সাধারণ ও নিরীহ মনে হলেও এগুলো ব্যবহারকারীদের তথ্য চুরির কাজে জড়িত। চলতি বছরের শুরুতে কিছু জনপ্রিয় এক্সটেনশন অনিরাপদ হিসেবে চিহ্নিত করে সরিয়ে ফেলা হলেও এখনো অনেক ক্ষতিকর এক্সটেনশন সক্রিয় রয়েছে। ইতোমধ্যে এসব এক্সটেনশন প্রায় ২০ হাজারবার ডাউনলোড করা হয়েছে।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এক্সটেনশনগুলো বিভিন্ন ডেভেলপার তৈরি করলেও এগুলো একই নিয়ন্ত্রণ সার্ভারের সঙ্গে যুক্ত থাকে, যার মাধ্যমে ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ ও অপব্যবহার করা হয়। তাই এসব এক্সটেনশন দ্রুত মুছে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে।
সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া ক্ষতিকর এক্সটেনশনগুলোর মধ্যে রয়েছে টেলিসাইড, ইউটিউব সাইডবার, সাইডইউ, ফর্মুলা রাশ রেসিং গেম, পেজ অটো রিফ্রেশ, পেজ লকার, টেক্সট অনুবাদ, টেলিগ্রাম মাল্টি-অ্যাকাউন্ট, ব্ল্যাক বিয়ার্ড স্লট মেশিন, ক্লিয়ার ক্যাশ প্লাস, স্পিড টেস্ট ও ওয়াইফাই স্পিডটেস্ট।
























