নভেম্বরের তৃতীয় সপ্তাহে ঢাকায় শীতের আমেজ, জানুয়ারিতে বাড়তে পারে তীব্রতা
- আপডেট সময় : ১১:১৯:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
- / 36

চলতি বছরের নভেম্বরের তৃতীয় সপ্তাহ নাগাদ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শীতের আবহ অনুভূত হতে পারে। ডিসেম্বরের শেষভাগ থেকে শীতের তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে, যা জানুয়ারি মাসজুড়ে অব্যাহত থাকতে পারে। এমনকি ফেব্রুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত শীতের প্রভাব থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) কর্মকর্তা এ কে এম নাজমুল হক জানান, গত চার-পাঁচ বছরের আবহাওয়ার ধরন বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে, এবার ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতের প্রভাব বজায় থাকতে পারে। এ সময় রাজধানী ঢাকার তাপমাত্রা কমে ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে।
তিনি বলেন, নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে দেশের অধিকাংশ এলাকায় শীতের আমেজ অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে নভেম্বরের প্রথম সপ্তাহেই শীতের আগমন ঘটতে পারে। ডিসেম্বর থেকে শীতের প্রকোপ বাড়তে শুরু করবে এবং জানুয়ারিতে এর তীব্রতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে।
আবহাওয়াবিদদের ধারণা, ফেব্রুয়ারির মাঝামাঝি সময় পার হওয়ার পর দিনের তাপমাত্রা আবার বাড়তে শুরু করবে। তবে তার আগ পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে ঠান্ডা আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে।
এদিকে উত্তরাঞ্চলের পঞ্চগড় ও ঠাকুরগাঁওসহ কয়েকটি জেলায় ইতোমধ্যে শীতের হালকা অনুভূতি দেখা যাচ্ছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। পরদিন বুধবার (১৪ অক্টোবর) সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে, মঙ্গলবার রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হতে শুরু করলেও ঘনবসতি ও দ্রুত নগরায়ণের প্রভাবে শীতের অনুভূতি স্পষ্ট হতে নভেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।
























