দেশে তাপমাত্রা আরও বাড়তে পারে, ৬ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- আপডেট সময় : ০৩:২৯:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
- / 22

সারা দেশে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি আগামী ২৪ ঘণ্টায় দেশের ছয়টি বিভাগে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও বলা হয়েছে।
সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। একই সময়ে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং ঢাকা, রাজশাহী, রংপুর ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
অন্যদিকে দেশের বাকি অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, মঙ্গলবারও তাপমাত্রার একই প্রবণতা বজায় থাকতে পারে এবং ছয় বিভাগে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা অব্যাহত থাকবে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙামাটিতে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে সর্বোচ্চ ২০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সিলেট ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।






















