নাশকতাকারীদের আইনগত ও রাজনৈতিকভাবে মোকাবিলার ঘোষণা গয়েশ্বরের
- আপডেট সময় : ০৫:৫৭:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / 65

নাশকতার সঙ্গে জড়িতদের আইনগত ও রাজনৈতিকভাবে মোকাবিলা করার ঘোষণা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এমপি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়।
বিএনপির এই সিনিয়র নেতা বলেন, জনগণের প্রতিরোধের মুখে স্বৈরাচার বিতাড়িত হলেও তাদের দোসররা এখনো রয়ে গেছে। প্রশাসনের উচিত তাদের বিচারের মুখোমুখি করা।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বর্তমান সরকার শুধু পরিকল্পনা করে বসে নেই, বরং প্রত্যেকটি পরিকল্পনা বাস্তবায়ন করছে।
তিনি আরও বলেন, রাজনৈতিক প্রেক্ষাপটে মানুষ সংগ্রামের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিচ্ছে। লড়াই-সংগ্রামের মধ্য দিয়েই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা হবে।


























