সৌরবিদ্যুতে চার্জ না দিলে ব্যাটারিচালিত রিকশার রেজিস্ট্রেশন নয়
- আপডেট সময় : ০৫:০৪:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- / 58

ব্যাটারিচালিত রিকশাগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে রেজিস্ট্রেশন পেতে হলে এসব রিকশার ব্যাটারি অবশ্যই সৌরবিদ্যুতের মাধ্যমে চার্জ করতে হবে বলে জানিয়েছেন তিনি।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এসব তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম বলেন, সৌরবিদ্যুৎ ছাড়া অন্য কোনো উৎসের বিদ্যুৎ দিয়ে ব্যাটারি চার্জ করা হলে ওই ব্যাটারিচালিত রিকশাকে রেজিস্ট্রেশন দেওয়া হবে না। এমনকি আগে রেজিস্ট্রেশন করা থাকলেও তা নবায়ন করা হবে না।
তিনি বলেন, ‘সৌরবিদ্যুতের বাইরে রিচার্জ করলে এই ব্যাটারিচালিত বা ই-রিকশাগুলোকে আমরা রেজিস্ট্রেশন দেব না এবং নবায়ন করব না।’
প্রতিমন্ত্রী জানান, সৌরবিদ্যুতের বাইরে অন্য কোনো বিদ্যুৎ দিয়ে ব্যাটারি চার্জ করলে জরিমানার বিধানও রাখা হবে।
তিনি আরও বলেন, এখন থেকে এসব ই-রিকশার নিবন্ধন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) দেবে না। সিটি করপোরেশন ও পৌরসভা থেকে এসব রিকশার নিবন্ধন দেওয়া হবে।
মীর শাহে আলম বলেন, এ বিষয়ে জাতীয় সংসদে আইন পাস হয়েছে। সেই আইনের আলোকে বর্তমানে বিধিমালা তৈরির কাজ চলছে। বিধিমালায় রেজিস্ট্রেশন ফি, নবায়ন ফি এবং অন্যান্য শর্ত নির্ধারণ করা হবে।





















