শিক্ষা-স্বাস্থ্য-জ্বালানিকে স্বনির্ভর করতে বাস্তবমুখী পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৫:৪৩:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
- / 5

শিক্ষা, স্বাস্থ্য ও জ্বালানিসহ দেশের প্রতিটি খাতকে স্বয়ংসম্পূর্ণ ও স্বনির্ভর করতে সরকার বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৮ আগস্ট) জাতীয় সংসদ ভবনের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, অতীতে নেওয়া বিভিন্ন অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংকট তৈরি হয়েছে। বর্তমান সরকার দেশ ও জনগণকে এ সংকট থেকে বের করে আনতে সর্বোচ্চ চেষ্টা করছে। বিশেষ সুবিধা দিতে অতীতে নেওয়া কিছু নীতির খেসারত এখন দেশের মানুষ ও সরকারকে দিতে হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার সময় একটি ভঙ্গুর পরিস্থিতির দেশ পেয়েছে। সেই অবস্থা থেকে উত্তরণে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট ধীরে ধীরে কাটিয়ে উঠতে পরিকল্পনা অনুযায়ী কাজ চলছে।
স্বাস্থ্য খাতের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকারের নীতি হচ্ছে ‘প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর’। রোগ হওয়ার পর চিকিৎসার পাশাপাশি রোগের কারণ ও প্রতিকার সম্পর্কে মানুষকে শুরু থেকেই সচেতন করা প্রয়োজন। এ লক্ষ্যেই সরকার নতুন করে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে।
তিনি বলেন, এসব স্বাস্থ্যকর্মী নাগরিকদের প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতন করবেন। তবে তাদের যথাযথ প্রশিক্ষণের ক্ষেত্রে চিকিৎসকদের নেতৃত্ব দিতে হবে।
শিক্ষার্থী, শিক্ষক ও পেশাজীবীদের রাজনৈতিক সম্পৃক্ততা প্রসঙ্গে তারেক রহমান বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক সিদ্ধান্ত প্রায় সব ক্ষেত্রেই প্রভাব ফেলে। তাই প্রত্যেকে নিজ নিজ মতাদর্শ অনুযায়ী রাজনৈতিকভাবে সচেতন বা সংগঠিত থাকতে পারেন। তবে অতিরিক্ত রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি না করে, সেদিকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, প্রথাগত রাজনীতির বাইরে এসে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা এখন সময়ের দাবি। একই সঙ্গে দেশের স্বাস্থ্যব্যবস্থা ও চিকিৎসাসেবাকে আরও কার্যকর ও জনবান্ধব করতে বিভিন্ন প্রস্তাবও তুলে ধরেন তিনি।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে নিম ও অর্জুন গাছের চারা রোপণ করেন। পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে চিকিৎসক সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
পবিত্র কুরআন তিলাওয়াত ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হওয়া সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ড্যাবের নেতাকর্মী ও চিকিৎসকেরা অংশ নেন। ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডা. জুবাইদা রহমান, সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, ড্যাব মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ অনেকে বক্তব্য দেন।






















