সংসদের সাউন্ড সিস্টেম দুর্নীতি, ঠিকাদারি প্রতিষ্ঠানের সিইওকে দুদকের জিজ্ঞাসাবাদ
- আপডেট সময় : ০৭:৪৩:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
- / 45

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম স্থাপন ও সংস্কার কাজে দুর্নীতির অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠান কমিউনিকেশন টেকনোলজি লিমিটেডের প্রধান নির্বাহী জাহিদুর রহিম জোয়ারদারকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন।
বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে জাহিদুর রহিম দাবি করেন, গণঅভ্যুত্থানের সময় সংসদ ভবনের তার সংযোগ ঢিলা থাকায় টেবিল চাপড়ানোর সময় সাউন্ড সিস্টেমে সমস্যা দেখা দেয়।
তিনি আরও জানান, প্রকল্পের প্রাথমিক কাজ সম্পন্ন করেছিল ‘আমানত এন্টারপ্রাইজ’। তবে তাদের কারিগরি সীমাবদ্ধতার কারণে শেষ ধাপের কাজ তার প্রতিষ্ঠানকে সম্পন্ন করতে হয়।
দুদকের সহকারী পরিচালক প্রবীর কুমার দাসের নেতৃত্বে একটি দল সকাল থেকে দুপুর পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করে।
সংস্থাটির এক কর্মকর্তা জানান, সংসদ ভবনের শব্দযন্ত্র স্থাপন ও পরবর্তী সংস্কার কার্যক্রমে অনিয়মের অভিযোগে সংশ্লিষ্ট সবাইকে পর্যায়ক্রমে জিজ্ঞাসাবাদ করা হবে। এ বিষয়ে গণপূর্ত অধিদপ্তর থেকে প্রয়োজনীয় নথি সংগ্রহের প্রক্রিয়া চলছে।
দুদকের তথ্য অনুযায়ী, ২০১৮ সালে স্থাপিত সাউন্ড সিস্টেমে অনিয়ম এবং পরবর্তীতে সংস্কার কাজেও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে চলতি বছরের জানুয়ারিতে অনুসন্ধান শুরু হয়।
এছাড়া জাহিদুর রহিমের বিরুদ্ধে বিপুল অর্থ আত্মসাৎ ও বিদেশে অর্থ পাচারের অভিযোগও তদন্তাধীন রয়েছে।























