শরিফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১৭তমবার পিছাল, নতুন তারিখ ১৫ জুলাই
- আপডেট সময় : ০৪:২১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / 32

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এ নিয়ে ১৭তমবারের মতো তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়ানো হলো। আদালত আগামী ১৫ জুলাই নতুন তারিখ নির্ধারণ করেছেন।
রোববার (২৮ জুন) মামলার তদন্তকারী সংস্থা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)-এর ঢাকা মেট্রো (পূর্ব) বিভাগের সহকারী পুলিশ সুপার আবদুর কাদির ভূঁঞা নির্ধারিত দিনে তদন্ত প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম নতুন এ তারিখ নির্ধারণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান।
এর আগে গত ৬ জানুয়ারি ডিবি পুলিশ ১৭ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। তবে অভিযোগপত্রে অসন্তোষ প্রকাশ করে মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের নারাজি আবেদন করেন।
পরবর্তীতে ১৫ জানুয়ারি আদালত ওই নারাজি আবেদন গ্রহণ করে মামলাটির অধিকতর তদন্তের নির্দেশ দেন এবং তদন্তভার সিআইডির কাছে হস্তান্তর করেন। এরপর একাধিকবার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ নির্ধারণ করা হলেও এখন পর্যন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া সম্ভব হয়নি।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে গণসংযোগে বের হলে রাজধানীর বিজয়নগর এলাকায় সন্ত্রাসীদের গুলিতে আহত হন শরিফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করা হয়, পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুল্যান্সে সিঙ্গাপুরে নেওয়া হলেও গত ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।





















