প্রিপেইড মিটার গ্রাহকদের জরুরি নির্দেশনা, ২০০ ইউনিটের টোকেন দিয়ে করতে হবে আপডেট
- আপডেট সময় : ১১:৫৫:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
- / 39

বিদ্যুতের নতুন মূল্যহার কার্যকর হওয়ায় দেশের প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের মিটার আপডেট করার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। এ জন্য গ্রাহকদের অন্তত ২০০ বা তার বেশি ইউনিটের টোকেন ব্যবহার করে মিটার রিচার্জ করার পরামর্শ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বিদ্যুৎ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুন মাসের শুরু থেকে নতুন বিদ্যুৎ মূল্য কার্যকর হয়েছে। ফলে প্রিপেইড মিটারে নতুন ট্যারিফ হালনাগাদ করতে গ্রাহকদের নির্ধারিত পরিমাণের টোকেনের মাধ্যমে মিটার আপডেট সম্পন্ন করতে হবে।
এ বিষয়ে গ্রাহকদের সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে। মিটার আপডেট বা অন্যান্য কারিগরি বিষয়ে কোনো সমস্যা হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হটলাইনে যোগাযোগ করে সহায়তা নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, কেন্দ্রীয় কল সেন্টার ১৬৯৯৯ নম্বরে যোগাযোগের পাশাপাশি বিভিন্ন বিতরণকারী সংস্থার নির্ধারিত হেল্পলাইন থেকেও প্রয়োজনীয় তথ্য ও সহায়তা পাওয়া যাবে।
এর মধ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ১৬২০০, পল্লী বিদ্যুতায়ন বোর্ড ১৬৮৯৯, ডিপিডিসি ১৬১১৬, ডেসকো ১৬১২০, নেসকো ১৬৬০৩ এবং ওজোপাডিকোর ১৬১১৭ নম্বরে যোগাযোগ করে সেবা গ্রহণ করতে পারবেন গ্রাহকরা।





















